কার্যকর ভূমি কমিশন জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসীদের ভূমি অধিকার সংরক্ষণে কার্যকর ভূমি কমিশনের দাবি জানিয়েছেন এ বিষয়ে কাজ করা গবেষক ও বিশিষ্টজনেরা৷ গতকাল শনিবার রাজধানীতে এক সেমিনারে তাঁরা বলেন, ভূমি আদিবাসীদের জীবন ও সংস্কৃতির ধারক বলে তাঁদের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত৷
গতকাল বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ‘সমতলের আদিবাসীদের ভূমি অধিকার, সমস্যা ও বঞ্চনা’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে এএলআরডির পক্ষে ‘সমতল ভূমিতে বসবাসকারী আদিবাসীদের ভূমি অধিকার ও সমস্যা’ নিয়ে অনুসন্ধানমূলক প্রতিবেদন উপস্থাপন করেন উন্নয়ন গবেষক আবুল হোসেন। সহযোগী পরাগ রিছিলকে নিয়ে তৈরি করা এ প্রতিবেদনে তিনি ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজশাহী ও দিনাজপুর এলাকায় বসবাসকারী আদিবাসীদের ভূমি নিয়ে বঞ্চনা ও ভূমি হারানোর প্রক্রিয়া এবং সর্বোপরি তাঁদের দেশত্যাগের বিষয় তুলে ধরেছেন৷
কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘এই গবেষণাপত্রের মাধ্যমে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে সমতলের আদিবাসীদের ভূমিসংক্রান্ত সমস্যার সমাধান হয়।’
একটি গবেষণাপত্রের বরাত দিয়ে তথ্য কমিশনার সাদেকা হালিম বলেন, বাংলাদেশের সমতলের ১১টি গোষ্ঠীর আদিবাসীরা এ পর্যন্ত যে পরিমাণ জমি হারিয়েছেন, তার মূল্য ৬২ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। এ ছাড়া আদিবাসী নারীদের ওপর বিভিন্ন সহিংসতার মূল কারণ তাঁদের জমি দখল করা।
অধ্যাপক মেসবাহ কামাল বলেন, সম্পদের মালিকানা নিয়ে আদিবাসীরা খুব বেশি জোর দিতে পারেন না; কারণ সংবিধানে জমির যৌথ মালিকানা সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু বলা নেই। অনেক আদিবাসী পুরুষানুক্রমে ১৮৫২ সাল থেকে জমির খাজনা পরিশোধ করেও সেই জমি থেকে উচ্ছেদ হচ্ছেন, শুধু সংবিধানের এই নিয়মের কারণেই।
আদিবাসীদের প্রতি রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি আগে নির্ধারণ করার তাগিদ দেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং৷ তিনি বলেন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিই নেই। পাশাপাশি প্রশাসন অবস্থান নেয় আদিবাসীদের জমি দখলকারীদের পক্ষে, সে ক্ষেত্রে আদিবাসীরা কীভাবে নিরাপদ বোধ করবেন।
এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদার সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপনির্বাহী পরিচালক রওশন জাহান।