কার্যকর ভূমিকা রাখতে পারছে না জাতীয় মানবাধিকার কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে কার্যকর ভূমিকা রাখতে পারছে না জাতীয় মানবাধিকার কমিশন। কারণ হিসেবে কমিশন তার ক্ষমতার সীমাবদ্ধতা ছাড়াও অর্থ ও লোকবলের অভাবের যুক্তি দিচ্ছে। তবে বিশেষজ্ঞরাও মনে করেন কমিশনকে কার্যকর করতে বিশেষ করে সংশ্লিষ্ট আইনের পরিবর্তন দরকার। মানবাধিকার রক্ষার সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয় নিয়ে গঠন করা হয়েছিল মানবাধিকার কমিশন। কিন্তু মানবাধিকারকর্মী ও বিশেষজ্ঞরা বলছেন, এ পর্যন্ত বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কমিশনের তেমন কোনো সক্রিয়তা দেখা যায়নি। ২০১১ সালের জানুয়ারি থেকে ২০১২-এর অক্টোবর পর্যন্ত কমিশন মাত্র আটটি হত্যা, ধর্ষণ ও সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা অনুসন্ধান করে। কিন্তু এই সময়ে একটিও বিচারবহির্ভূত হত্যা বা গুমের ঘটনার তদন্ত করেনি। কমিশন ঝালকাঠির কিশোর লিমনকে র্যা বের গুলি করে আহত করার ঘটনায় একাধিকবার উদ্বেগ প্রকাশ করলেও ব্যাপারটি সেখানেই সীমাবদ্ধ আছে।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান দাবি করেন, সীমাবদ্ধতার মধ্যেও কমিশন আন্তরিকতা নিয়ে কাজ করছে। তিনি বলেন, কমিশনকে শক্তিশালী করতে কোনো কোনো ক্ষেত্রে সরকারের সহযোগিতার অভাব রয়েছে।বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনার তদন্ত না করা প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, হয় এসব অপরাধের বিষয়ে উচ্চ আদালতের কোনো রুল আছে কিংবা এসব বিষয়ে মামলা হয়ে গেছে। একটি বিচারাধীন মামলা নিয়ে আর তদন্ত করার কোনো অবকাশ থাকে না।...এ জন্য আইনের সংশোধন দরকার।মিজানুর রহমান দাবি করেন, গাফিলতি নয়, বরং লোকবলের তীব্র সংকটও কমিশনকে বাধ্য করে তদন্তে নিরস্ত থাকতে। তিনি বলেন, মানবাধিকার কমিশনের ২৮ জন কর্মীর মধ্যে তদন্ত পরিচালনা করেন মাত্র চারজন। মানবাধিকার কমিশনের একটি সূত্র জানায়, ৩ কোটি ২৪ লাখ জনসংখ্যার দেশ আফগানিস্তানের মানবাধিকার কমিশনে কর্মীর সংখ্যা ৩০০। মানবাধিকার কমিশনের কর্তৃত্বের ক্ষেত্রে আইনগত সীমাবদ্ধতাও আছে বলে মনে করেন মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন হামিদা হোসেন। তিনি বলেন, প্রতিষ্ঠানটির ম্যান্ডেট নিয়ে প্রশ্ন আছে। মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং কিছু ক্ষেত্রে অনুসন্ধান—এর বাইরে এদের তেমন কিছু করার নেই। কমিশনকে কার্যকর করতে আইন পরিবর্তনের দরকার।মানবাধিকার কমিশনের ভাষ্য অনুযায়ী তাদের অর্থসংকটও প্রবল। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিসহ (ইউএনডিপি) কয়েকটি দাতা সংস্থার অর্থায়নপুষ্ট একটি প্রকল্পই কমিশনের অর্থের প্রধান উৎস। সরকার ও ইউএনডিপি এ প্রকল্পে ২০১১ সালে প্রায় ১৬ লাখ ডলারের সমপরিমাণ অর্থ দেয়। এর বেশির ভাগই বিদেশ সফর, দাপ্তরিক উপকরণ ক্রয় ও প্রচারমূলক কার্যক্রমে ব্যয় হয়। মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক এ এস এম নাসিরউদ্দিন বলেন, জাতীয় পর্যায়ে একটি মানবাধিকার প্রতিষ্ঠান রয়েছে এটা বিশ্ববাসীকে জানানো ছাড়া তেমন কোনো ভালো উদ্দেশ্য নিয়ে কমিশন গঠিত হয়নি। এ পর্যন্ত এর কর্মকাণ্ডই তার প্রমাণ।