কার্যকর মানবাধিকার কমিশন গঠনে অনেক বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন পর্যন্ত সভা-সেমিনারে বক্তৃতা, বিবৃতি, বিভিন্ন ঘটনায় সরকারের কাছে প্রতিবেদন চাওয়া এবং বিভিন্ন ঝটিকা সফরের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যক্রম। কমিশনের নেই পর্যাপ্ত লোকবল, নেই বিধি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা। ফলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পেলে তা তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হোঁচট খেতে হচ্ছে মানবাধিকার কমিশনকে।কমিশনের সূত্রগুলো বলছে, সরকারের যথাযথ সহযোগিতার অভাবে তারা কাঙ্ক্ষিত কাজ করতে পারছে না।অথচ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও কার্যকর মানবাধিকার কমিশন গঠনের অঙ্গীকার ছিল।আইনমন্ত্রী শফিক আহমেদ মনে করেন, একটি কার্যকর মানবাধিকার কমিশন গঠন করা হয়েছে। এখন কমিশন চাইলে কাজ করতে পারে।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান জানিয়েছেন, তাঁরা আগামী পাঁচ বছরের একটি কর্মপরিকল্পনা তৈরি করেছেন। এতে ১৬টি বিষয়ে কাজ করার লক্ষ্য নির্ধারণ করা হয়। কিন্তু কমিশনকে পর্যাপ্ত সহযোগিতা না দিলে সবই ভেস্তে যাবে বলে আশঙ্কা করছেন মানবাধিকার কর্মীরা।মানবাধিকার কর্মী হামিদা হোসেন প্রথম আলোকে বলেন, ‘কমিশনকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য সরকার কেন প্রয়োজনীয় কাজ করছে না, এটাই আমাদের প্রশ্ন। সরকারকে মনে রাখতে হবে, দেশে আইনের শাসন চালু রাখতে হলে একটি শক্তিশালী ও কার্যকর কমিশন থাকা খুব প্রয়োজন।’লোকবল নিয়োগের খবর নেই: বর্তমান সরকারের আমলে মানবাধিকার কমিশনের সাতজন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু কোনো তদন্ত কর্মকর্তা নিয়োগ না দেওয়ায় কমিশন কোনো অভিযোগের তদন্ত করতে পারছে না।কমিশন ২০০৮ সালের ২২ নভেম্বর ৬২ জনের একটি লোকবল-কাঠামো তৈরি করে আইন মন্ত্রণালয়ে পাঠায়। তবে গত আগস্টে ২৮ জনের একটি জনবল কাঠামো অনুমোদন করে সরকার। কিন্তু এখন পর্যন্ত কাউকে নিয়োগ দেওয়া হয়নি।কমিশনে গিয়ে দেখা যায়, সচিব পদেও এখন কেউ নেই। আগে যিনি ছিলেন, তাঁকে কয়েক মাস আগে প্রেষণে নিয়োগ দিয়েছিল সরকার। সম্প্রতি তাঁকে সিনিয়স স্টাফ ট্রেনিংয়ের জন্য ৪৫ দিনের জন্য পিএটিসিতে পাঠানো হয়েছে।কমিশনের একজন পরিচালক মাস খানেক আগে এক সেমিনারে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখান থেকে তিনি দুই বছরের শিক্ষা ছুটি চেয়েছেন। তাঁর বদলে আরেকজন লোক চেয়ে সংস্থাপন মন্ত্রণালয়কে অনুরোধ করেছিল কমিশন। কিন্তু মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, কমিশনের লোকবল-কাঠামো না থাকায় নিয়োগ দেওয়ার সুযোগ নেই।কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দেড় মাস আগে আইনমন্ত্রী আমাকে বলেছেন, লোকবল নিয়োগের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেয়েছে। মন্ত্রীর অনুমোদনের পরও কেন সেটি কার্যকর হচ্ছে না, তা আমি বুঝতে পারছি না।’আইনমন্ত্রী শফিক আহমেদ এ বিষয়ে বলেন, লোকবল নিয়োগের প্রস্তাব অনুমোদন করে সংস্থাপন ও অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যেকোনো দিন এটি পাস হয়ে যাবে। তা ছাড়া ইচ্ছা থাকলে কাজ করার অভাব নেই। কমিশনকে বলতে হবে, এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। শুধু পাঁচতলা হোটেলে বসে বক্তব্য দিলে কাজ হবে না। যেতে হবে বস্তি এলাকায়, দেখতে হবে মাঠপর্যায়ে।কমিশন সূত্র জানায়, কমিশনের সদস্যরা গত মাসে কয়েকটি কারাগার, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, এতিমখানা সফর করেছেন। এগুলোতে মানবাধিকার কীভাবে লঙ্ঘিত হচ্ছে, সাধারণ মানুষ কীভাবে হয়রানির শিকার হচ্ছে, এ বিষয়ে প্রতিবেদন তৈরি করা হচ্ছে। অচিরেই সরকারের কাছে তা হস্তান্তর করা হবে।দেড় বছরেও বিধি হয়নি: ২০০৯ সালের ৯ জুলাই সংসদে পাস হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন আইন। এর আগে একটি অধ্যাদেশের অধীনে তত্ত্বাবধায়ক সরকার ২০০৮ সালের ডিসেম্বরে কমিশনটি প্রতিষ্ঠা করে। তখন আপিল বিভাগের সাবেক বিচারপতি আমিরুল কবীর চৌধুরীকে চেয়ারম্যান করা হয়। বিচারপতি আমিরুল নিজেই কমিশনের জন্য একটি বিধির খসড়া করে যান। ২০০৯ সালের আগস্ট মাসে সেটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এখনো তা পাস হয়নি।কমিশনের বর্তমান চেয়ারম্যান বলেন, ‘খসড়া বিধিতে মন্ত্রণালয়ের আমলারা বেশ কিছু মন্তব্য করেছেন, যা আমাদের কাছে সমীচীন মনে হয়নি। আমরা এর জবাব পাঠাব। আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ বিচারপতি এই বিধিটি তৈরি করেছেন। এটা পাস না করা খুবই অন্যায়।’আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, ‘মন্ত্রণালয়ে গিয়ে দেখব বিধিটি কোন পর্যায়ে আছে।’সীমিত আইনি ক্ষমতা: মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করতে পারলেও অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া বা মামলা করার ক্ষমতাও দেওয়া হয়নি কমিশনকে। শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে সেটার তদন্ত করার কোনো ক্ষমতা পায়নি সংস্থাটি। শুধু সরকারের প্রতিবেদন চাইতে পারবে তারা এবং সুপারিশ করতে পারবে। তবে সেই সুপারিশ মানতে সরকার বাধ্য নয়।আইনি বাধার কারণে মানবাধিকার লঙ্ঘনের বেশ কয়েকটি ঘটনায় প্রমাণ পেয়েও অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি কমিশন। আর কমিশন অনেক ঘটনায় প্রতিবেদন চেয়েও পায়নি।২০০৮ সালের ২২ জুলাই র্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিখোঁজ আছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তুষার ইসলাম ওরফে টিটু। কমিশনের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘটনার তদন্ত করে গত জুন মাসে কমিশনে একটি প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনে র্যাব-৩-এর একটি দল তুষারকে বেলকুচি থেকে নিয়ে আসার বিষয়টি উঠে এসেছে। এর পরও এতে বলা হয়েছে, ‘কারা টিটুকে নিয়ে এসেছে, সেটা স্পষ্ট নয়।’কমিশন এই প্রতিবেদন গ্রহণ না করে মন্ত্রণালয়কে ফেরত পাঠিয়ে আবারও তদন্ত দাবি করে। এখন পর্যন্ত মন্ত্রণালয় কমিশনকে কিছু জানায়নি।২০০৯ সালের অক্টোবর মাসে র্যাবের ‘ক্রসফায়ারে’ কায়সার হোসেন ওরফে বাপ্পী এবং নির্যাতনের ফলে মহিউদ্দিন ফারুকের নিহত হওয়ার ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করে কমিশন। এখন পর্যন্ত কমিশনকে কিছু জানানো হয়নি।কমিশনের চেয়ারম্যান অবশ্য আইনগত জটিলতার চেয়ে লোকবল না থাকার বিষয়ে বেশি চিন্তিত। তিনি বলেন, ‘আমাদের আইনে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তাই তো প্রয়োগ করতে পারিনি। পরিপূর্ণভাবে প্রয়োগ করতে পারলেই তো বুঝব কোথায় সমস্যা।’