কার্যকর যোগাযোগে গণপরিবহনই ভরসা

ঢাকায় কার্যকর যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে হলে গণপরিবহনব্যবস্থার ওপরেই জোর দিতে হবে। আর রাজধানীর যোগাযোগব্যবস্থার জন্য যেসব পরিকল্পনা নেওয়া হয়, সেগুলোর বাস্তবায়নও করতে হবে।
ঢাকা কৌশলগত পরিকল্পনার খসড়া (ড্রাফট ঢাকা স্ট্রাকচার প্ল্যান ২০১৬-২০৩৫) নিয়ে দুই দিনব্যাপী জাতীয় সেমিনারে এমন মত উঠে আসে। গতকাল রোববার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সেমিনারের প্রথম দিনে ‘কার্যকর যোগাযোগব্যবস্থার জন্য গণপরিবহন’ শীর্ষক এক প্রবন্ধ উপস্থাপন করেন আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা বিশেষজ্ঞ আতিফ এম সাদি।
প্রবন্ধে বলা হয়, পর্যাপ্ত গণপরিবহনের অভাব, পূর্ব-পশ্চিমমুখী সড়কের সংযোগ না থাকা, রিং রোডের অনুপস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনায় যথাযথ প্রযুক্তির অভাব, পার্কিংয়ের অভাব ঢাকার প্রধান সমস্যা। আবার শহরের মধ্যে রেলপথ থাকা, যোগযোগ নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ, চারপাশে নদী এবং প্রচুর যাত্রী ঢাকা উন্নয়ন সম্ভাবনার প্রধান শক্তি। তবে এসব শক্তির পাশাপাশি জনসংখ্যা বৃদ্ধি, ফ্লাইওভার ও এক্সপ্রেসওয়ে নির্মাণে অসংগতি এবং প্রকল্পে খরচ বেড়ে যাওয়ার মতো ঝামেলাও রয়েছে।
প্রবন্ধে বলা হয়, ঢাকা বাস নেটওয়ার্ক স্টাডি কনসালট্যান্ট পরিচালিত একটি জরিপে দেখা গেছে, ঢাকায় প্রতিদিন গড়ে দুই কোটি এক লাখ বার যাত্রা বা ট্রিপ হয় (কোনো একজন বাসে চড়ে শ্যামলী থেকে ফার্মগেট আসা মানে একবার যাত্রা)। এর মধ্যে ৩৮ দশমিক ৩০ শতাংশ রিকশায়, ৩০ শতাংশ বাসে, ১৯ দশমিক ৮ শতাংশ হেঁটে, ৬ দশমিক ৬০ শতাংশ অটোরিকশায়, ৫ দশমিক ১০ শতাংশ ব্যক্তিগত গাড়িতে এবং দশমিক ২০ শতাংশ রেলযাত্রা হয়। ঢাকায় ব্যক্তিগত গাড়ি (কার, জিপ, মাইক্রোবাস) সবচেয়ে বেশি। অথচ যানজটের কারণে একেকটি গাড়ি ঘণ্টায় মাত্র আট কিলোমিটার যেতে পারে। ২০২৫ সালে এটি ছয় কিলোমিটারে নেমে আসবে। ২০৩৬ সালে গতি নেমে আসবে চার কিলোমিটারে।
প্রবন্ধে বলা হয়, ঢাকায় গণপরিবহনের প্রচণ্ড সংকট। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার হিসাব অনুযায়ী ঢাকায় নিবন্ধিত বাসের সংখ্যা মাত্র ৩ হাজার ৯২৬টি। যেসব বাস আছে, সেগুলোর সেবার মান খুবই খারাপ। মোট সড়কের মাত্র সাড়ে ১২ শতাংশ সড়ক নেটওয়ার্ক বাস চলাচলের উপযোগী। যেসব গণপরিবহন চলে, তার মধ্যে অন্তত ৫০ শতাংশ যানবাহনের মেয়াদ ১০ বছরের বেশি। ঢাকা পৃথিবীর একমাত্র শহর, যেখানে ট্যাক্সিক্যাব নেই বললেই চলে। রিকশা সম্পর্কে বলা হয়, ঢাকায় অন্তত পাঁচ লাখ রিকশা আছে। মানুষের ৩৮ শতাংশ চলাচল করে রিকশায়।
ব্যক্তিগত গাড়ির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ছে উল্লেখ করে প্রবন্ধে বলা হয়, এখন ঢাকায় তিন লাখের বেশি গাড়ি আছে। ১০ বছর পর সেটি পাঁচ লাখ ছাড়িয়ে যাবে। মালামাল পরিবহনে ট্রাক ও লরি ব্যবহৃত হয়। সমস্যা সমাধানে রেল ও নদী দিয়ে পরিবহন বাড়াতে হবে। ঢাকায় গাড়ি পার্কিং সমস্যা প্রকট। রাস্তায় গাড়ি রাখলেও সেটি দেখার লোক নেই। এতে বলা হয়, ঢাকার মানুষের চলাচল নির্বিঘ্ন করতে হলে গণপরিবহনই ভরসা। আধুনিক নগরায়ণের জন্য এই ব্যবস্থার ওপরই জোর দিতে হবে। সবার ক্ষেত্রে সেটিই কার্যকর হতে পারে।