কার্যকর হচ্ছে না পঞ্চম পার্বত্য ভূমি কমিশনও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চমবারের মতো গঠিত পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের মেয়াদের প্রায় অর্ধেক অতিবাহিত হলেও এখন পর্যন্ত তারা কাজ শুরু করতে পারেনি। ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১’ সংশোধন না করায় আগের চারটির মতো এই কমিশনও অকার্যকর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সরকার ও জেএসএসের মধ্যে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির অন্যতম মৌলিক বিষয় ভূমি বিরোধ নিষ্পত্তি। অভিযোগ আছে, চুক্তির পর দেশে ফিরে আসা ৯ হাজার ৩২৬টি পাহাড়ি পরিবার এখনো তাদের জমিজমা ফেরত পায়নি। অভ্যন্তরীণ পাহাড়ি উদ্বাস্তুদের পুনর্বাসন করা হয়নি। এ ছাড়া বিপুল পরিমাণ জমি ইজারা দেওয়ার ক্ষেত্রেও চুক্তি লঙ্ঘন করা হয়েছে। কমিশনের এসব বিষয় মীমাংসা করার কথা।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হককে চেয়ারম্যান নিয়োগ করে ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর সরকার তিন বছরের জন্য কমিশন পুনর্গঠন করে।
এ ব্যাপারে পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর প্রথম আলোকে বলেন, সংশোধিত আইনের খসড়ার ব্যাপারে সব পক্ষ একমত হয়েছে। খসড়াটি এখন মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের সূত্র জানায়, নিয়োগ পাওয়ার এক সপ্তাহ পর বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক খাগড়াছড়িতে কমিশনের প্রধান কার্যালয়ে যান। ওই সময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা তাঁকে স্বাগত জানিয়ে বলেছিলেন, আইন সংশোধন না হওয়া পর্যন্ত সভা করে কোনো লাভ হবে না। কারণ, ত্রুটিপূর্ণ আইনের ভিত্তিতে কমিশনের কোনো কাজ তাঁরা মানবেন না। তারপর আর কোনো কর্মকাণ্ড চলেনি বলে কমিশনের সূত্র জানায়।
একই কথা বলেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) প্রচার ও প্রকাশনা সম্পাদক মঙ্গল কুমার চাকমা। গতকাল শনিবার তিনি প্রথম আলোকে বলেন, ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বরের পর ভূমি কমিশন থেকে তাঁদের সঙ্গে আর কোনো যোগাযোগ করা হয়নি। কমিশনের কোনো কাজও চলছে না। আইন সংশোধনের বিষয়েও তাঁরা কিছু জানেন না।
সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কার্যকর না হওয়ার কারণ ২০০১ সালে প্রণীত ভূমি কমিশন আইনটির সংশোধন না হওয়া। আইনটি প্রণয়নের সময় পার্বত্য চুক্তি অনুযায়ী জেএসএসের সঙ্গে আলোচনা করা হয়নি। পরে জেএসএস চুক্তির সঙ্গে অসংগতিপূর্ণ আইনটির ২৯টি সংশোধনী দাবি করে। একাধিক সরকারের মেয়াদে দীর্ঘ আলোচনার পর ১৩টি সংশোধনীর বিষয়ে সরকার ও জেএসএস এখন থেকে প্রায় তিন বছর আগে একমত হয়।
এর আগে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে পুনর্গঠিত চতুর্থ কমিশনও কার্যকর হতে পারেনি আইন সংশোধন না হওয়ায়। ১৯৯৯ সালের ৩ জুন গঠিত প্রথম ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক চৌধুরী কার্যভার গ্রহণের আগেই মারা যান। ২০০০ সালের ৫ এপ্রিল পুনর্গঠিত কমিটির চেয়ারম্যান বিচারপতি আবদুল করিম কার্যভার গ্রহণের কিছুদিন পরই শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেন। ২০০১ সালের ২৯ নভেম্বর পুনর্গঠিত কমিশনের চেয়ারম্যান বিচারপতি মাহমুদুর রহমান ২০০৭ সালে মারা যাওয়ার আগ পর্যন্ত কাজ শুরু করতে পারেননি।