সামরিক শাসন আমলে জারি করা দুটি অধ্যাদেশের বিধানগুলোর কার্যকারিতা অক্ষুণ্ন রাখতে সংসদে দুটি বিল পাস হয়েছে।
গতকাল মঙ্গলবার সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক এ-সংক্রান্ত ‘প্রতিরক্ষা কর্মবিভাগ (কতিপয় আইন সংশোধন) বিল-২০১৬’ এবং ‘প্রতিরক্ষা কর্মবিভাগ (সর্বাধিনায়কতা) বিল-২০১৬’ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে বিল দুটি কণ্ঠভোটে পাস হয়।
প্রতিরক্ষা কর্মবিভাগ (সর্বাধিনায়কতা) বিলে বলা হয়েছে, রাষ্ট্রপতি প্রতিরক্ষা কর্মবিভাগগুলোর সর্বাধিনায়ক হবেন এবং সংবিধানের ৬১ অনুচ্ছেদের অধীন তাঁর ওপর ন্যস্ত প্রতিরক্ষা কর্মবিভাগগুলোর সর্বাধিনায়কতা প্রতিরক্ষা কর্মবিভাগগুলোর প্রধান কর্মকর্তাদের মাধ্যমে প্রয়োগ করবেন।
বিলটির উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, সংবিধানের (পঞ্চদশ সংশোধন) আইন-২০১১ দ্বারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত জারি করা অধ্যাদেশগুলোর অনুমোদন ও সমর্থনসংক্রান্ত বাংলাদেশের সংবিধানের চতুর্থ তফসিলের ১৮ অনুচ্ছেদ বিলুপ্ত হওয়ায় ওই অধ্যাদেশগুলো কার্যকারিতা হারিয়েছে।
এতে আরও বলা হয়, বিলটি আইনে রূপান্তরিত হলে রাষ্ট্রপতি প্রতিরক্ষা কর্মবিভাগগুলোর সর্বাধিনায়ক হবেন এবং তিনি তাঁর ওপর ন্যস্ত প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়কতা প্রতিরক্ষা কর্মবিভাগগুলোর প্রধান ব্যক্তিদের মাধ্যমে প্রয়োগ করবেন এবং প্রতিরক্ষা কর্মবিভাগগুলোর প্রধান ব্যক্তিরা তাঁদের অধীনস্থ বাহিনীর ওপর ক্ষমতা প্রয়োগ করবেন।