কার্যক্রম চলছে গ্রন্থাগার সহকারী-বুকশর্টার দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা সরকারি গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক (উডবার্ন সরকারি গ্রন্থাগার) দীর্ঘ ১৭ বছর ধরে প্রেষণে আছেন। শূন্য রয়েছে সহকারী গ্রন্থাগারিক পদ। গ্রন্থাগার সহকারীসহ তিনজন লোক দিয়ে চলছে শহরের এডওয়ার্ড পার্ক-সংলগ্ন এলাকার এই গণগ্রন্থাগার।
গণগ্রন্থাগারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় এই গ্রন্থাগার অনেক আগে স্থাপিত হলেও ১৯৮৪ সালে তা সরকারের সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নেওয়া হয়। এ সময় প্রথম শ্রেণির পদমর্যাদার একজন গ্রন্থাগারিক, দ্বিতীয় শ্রেণির একজন সহকারী গ্রন্থাগারিক, একজন গ্রন্থাগার সহকারী এবং চতুর্থ শ্রেণির একজন বুকশর্টার ও নৈশপ্রহরী পদ সৃষ্টি করা হয়। পরে এর সঙ্গে বেসরকারি উডবার্ন গণগ্রন্থাগারকে একীভূত করা হয়।
রেকর্ড অনুযায়ী, সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তর ‘জেলা পাবলিক লাইব্রেরিসমূহের উন্নয়ন (দ্বিতীয় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের অধীনে গ্রন্থাগারিক পদে ১৯৯৮ সালে ১ জানুয়ারি বেগম সেলিনা ইসলামকে এখানে নিয়োগ দেওয়া হয়। কিন্তু নিয়োগ পাওয়ার পরপরই তিনি প্রেষণে সংস্কৃতি মন্ত্রণালয়ে বদলি হয়ে যান। তাঁর অনুপস্থিতিতে এত দিন দাপ্তরিক কাজ চালাতেন একজন সহকারী গ্রন্থাগারিক। চলতি বছরের ২৭ এপ্রিল পদোন্নতি পেয়ে সহকারী গ্রন্থাগারিক রোকনুজ্জামান অন্যত্র যোগদান করেন। তারপর থেকে গ্রন্থাগার সহকারী আনিসুল হক গণগ্রন্থাগারটি সামলাচ্ছেন।
গত রোববার বেলা ১১টায় গণগ্রন্থাগারে গিয়ে দেখা গেছে, চারতলা ভবনের দোতলার পাঠকক্ষে সীমিত কিছু বই আছে। তবে জনবলের অভাবে বইগুলো বিষয়ভিত্তিকভাবে সাজানো নেই। ফলে দরকারি বই খুঁজে পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে পাঠকদের।
বুকশর্টার সোহরাব হোসেন বলেন, গ্রন্থাগারের নিজস্ব বইয়ের সংখ্যা প্রায় ৪০ হাজার। উডবার্ন গণগ্রন্থাগারকে একত্র করায় সেখানকার আট হাজার বই এখানে যুক্ত হয়েছে। কিন্তু জনবলের অভাবে তৃতীয় তলায় থাকা ওই আট হাজার বই তালাবদ্ধ অবস্থায় আছে।
গ্রন্থাগার সহকারী আনিসুল হক বলেন, ‘জনবল-সংকটের কারণে গ্রন্থাগারের স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে। নানা প্রয়োজনে আমাকে দাপ্তরিক কাজে বাইরে যেতে হয়। তখন বুকশর্টার-নৈশপ্রহরী মিলে পাঠক সামলান। তিনজন মাত্র লোক দিয়ে প্রতিদিন গড়ে ২৫০ পাঠককে সেবা দিতে হয়। অর্ধলাখ বইয়ের হিসাব রাখতে হয়। এ জন্য আপাতত দোতলার পাঠকক্ষ ছাড়া অন্য পাঠকক্ষ বন্ধ রয়েছে।’
বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান বলেন, গবেষণা ও দরকারি বই পড়তে প্রায়ই তিনি গণগ্রন্থাগারে যান। কিন্তু দুর্লভ সব বই সেখানে তালাবদ্ধ থাকে।
গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশিষ কুমার সরকার মুঠোফোনে বলেন, সরকারি গণগ্রন্থাগারে জনবল-সংকটের বিষয়টি তিনি ইতিমধ্যেই জেনেছেন। গ্রন্থাগার পদে একজন থাকলেও দীর্ঘদিন ধরে তাঁর প্রেষণে থাকার বিষয়টিও নজরে এসেছে। এসব সমস্যা সমাধানে যা যা করণীয়, তা করা হবে বলে জানান তিনি।