বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমতি পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০০৬ সালে এমবিএ ইন এগ্রি বিজনেস কোর্স চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। ২০০৮ সালের জুলাই মাসে কোর্সটি চালুর জন্য আড়াই হাজার বর্গফুট জমির ওপর চারতলা ভবন নির্মাণ করা হয়। নির্দিষ্ট সময়ে কোর্সটি চালু হয়নি। ইনস্টিটিউটের ফাঁকা ভবনে বিশ্ববিদ্যালয়ের হলে জায়গা না পাওয়া ছাত্রীদের তুলে দিয়েছে কর্তৃপক্ষ। ইনস্টিটিউটের পরিচালক শংকর কুমার রাহা জানান, কোর্সটি চালু করার জন্য ইতিমধ্যেই বিষয়ভিত্তিক কোর্স-কারিকুলাম ও সিলেবাস তৈরির কাজ শেষ হয়েছে। অধিকাংশ আসবাবপত্রও কেনা শেষ। তবে শিক্ষক ও লোকবলের অভাবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম এখনো শুরু করা সম্ভব হচ্ছে না। এ ছাড়া ইউজিসি চায় নিজস্ব আয়ে ইনস্টিটিউটের সব কার্যক্রম পরিচালিত হোক। পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইনস্টিটিউট হিসেবে বিশ্ববিদ্যালয়ের বর্তমান সব কার্যক্রমের মতোই ইউজিসি কর্তৃক বার্ষিক বরাদ্দ করা অর্থ দিয়েই পরিচালিত হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না হওয়ায় শিক্ষা কার্যক্রম শুরু করা যাচ্ছে না। এদিকে শিক্ষক ও লোকবল নিয়োগের ব্যাপারে গত বছর ১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইউজিসির সচিব বরাবর চিঠি পাঠান। কিন্তু এখন পর্যন্ত ইউজিসি থেকে এ ব্যাপারে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানান রেজিস্ট্রার মো. নজিবুর রহমান। কোর্সটি চালু হতে আর কতদিন সময় লাগতে পারে—এ প্রশ্ন করা হলে তিনি বলেন, ইউজিসি অনুমতি দিলেই কার্যক্রম শুরু করা যাবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা জানান, কোর্সটি চালু হলে তা দেশের কৃষি উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে।ইউজিসির চেয়ারম্যান নজরুল ইসলাম এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘আমাদের ধারণা ছিল নতুন শিক্ষক নিয়োগ না দিয়ে অন্যান্য বিভাগের শিক্ষক দিয়ে কাজ চালানো যাবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নতুন করে শিক্ষক ও লোকবল নিয়োগের ব্যাপারে আবেদন করা হয়েছে। এখন এগুলো যাচাই-বাছাই চলছে, এ ব্যাপারে আমাদের পজিটিভ চিন্তাও রয়েছে।’এদিকে বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রী হলে আবাসন সংকট থাকায় চলতি শিক্ষাবর্ষে ভর্তি হওয়া তাপসী রাবেয়া হলের নবাগত ছাত্রীদের একাংশের (৪৫ জন) আবাসস্থল এখন ইনস্টিটিউট ভবনের দোতলা। সেখানে তাঁরা ক্লাস রুমের জন্য নির্ধারিত কক্ষে গাদাগাদি করে থাকছেন। ছাত্রীদের জন্য নির্ধারিত হলের গণরুমেও সিট না থাকায় এবং ইনস্টিটিউট ভবনটি খালি পড়ে থাকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এ সাত্তার মণ্ডল বলেন, কোর্সটি চালুর জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। ইনস্টিটিউট ভবনে ছাত্রীদের বসবাস একেবারেই সাময়িক। নতুন ছাত্রী হলের কাজ শেষ হলেই ছাত্রীদের সেখানে সরিয়ে নেওয়া হবে।