পিরোজপুর জেলা ছাত্রলীগ ও জেলা ছাত্রদলে সাংগঠনিক কার্যক্রম নেই। তবে সংগঠন দুটির অভ্যন্তরীণ কোন্দল বেড়েই চলেছে। এ কারণে ছাত্রদলের সভাপতির নাক ফাটিয়ে দিয়েছে প্রতিপক্ষ। সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের হাতের আঙুল কেটে ফেলেছে তাঁর প্রতিপক্ষরা। এ অবস্থায় ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। আর স্থগিত করা হয়েছে ছাত্রদলের কার্যক্রম।২০১০ সালের জুনে ফয়সাল মাহাবুবকে সভাপতি ও তানভির মুজিবকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। ওই সময় তিন মাসের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় কমিটি। কিন্তু তা আর হয়নি। চলতি বছরের ৭ জানুয়ারি নানা অভিযোগে জেলা ছাত্রলীগের কমিটি ভেঙে দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।এর আগে দলীয় কোন্দলের জের ধরে গত বছরের ২৪ নভেম্বর শহরের দামোদর সেতু এলাকায় হামলার শিকার হন বিলুপ্ত জেলা ছাত্রলীগের সদস্য পার্থ সাহা। ২৯ নভেম্বর কলেজ ক্যাম্পাসে হামলার শিকার হন কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম শাহনেওয়াজ। এ হামলায় তাঁর বা হাতের কয়েকটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের পক্ষ থেকে দুটি প্যানেল দেওয়া হয়। নির্বাচন স্থগিত হওয়ার পর গত ১৪ জুলাই জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহাবুবের বাসায় হামলা হয়।খোঁজ নিয়ে জানা গেছে, জিয়ানগর, নাজিরপুর, কাউখালীসহ বিভিন্ন উপজেলা কমিটির মেয়াদ অর্ধযুগের বেশি সময় আগে শেষ হয়ে গেছে। অথচ গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা কমিটির মেয়াদ এক বছর।জিয়ানগর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুবকর সিদ্দিক বলেন, ‘২০০৪ সালে আমাদের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। আমরা এখন নতুন নেতৃত্বের কাছে কমিটির ভার তুলে দিতে চাই। কিন্তু জেলা ছাত্রলীগের কমিটি না থাকায় আমরা কারও সঙ্গে এ বিষয়ে আলাপ-আলোচনা করতে পারছি না।’ প্রায় একই ধরনের কথা জানান নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চঞ্চল বিশ্বাস।বিলুপ্ত হওয়া জেলা কমিটির সভাপতি ফয়সাল মাহাবুব বলেন, ‘আমরা স্থানীয় ষড়যন্ত্রের শিকার। সাংগঠনিক কর্মকাণ্ড চালাতে জেলা ছাত্রলীগের কমিটি দরকার।’কেন্দ্রীয় ছাত্রদল ২০১০ সালের আগস্ট মাসে কে এম শহিদুল ইসলামকে আহ্বায়ক এবং আসাদুজ্জামান, মারুফ হাসান, রেজাউল ইসলাম, এমদাদুল হক, সাইদুর রহমান ও কাজী কামালকে যুগ্ম আহ্বায়ক করে ৬৬ সদস্যবিশিষ্ট পিরোজপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন করে।জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কমিটির সদস্য মারুফ হাসান বলেন, কমিটি গঠনের পরে একটি পরিচিতি সভাও হয়নি। শহিদুল ইসলাম ও আসাদুজ্জামান নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন উপজেলায় কমিটি গঠন করেছেন। আহ্বায়ক তাঁর বাড়ি শহরের ধুপপাশা এলাকায় সুপারিবাগানে বসে একটি উপজেলা কমিটির অনুমোদন দিয়েছেন।আরেক যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক বলেন, অনৈতিক সুবিধা নিয়ে শহিদুল ইসলাম ও আসাদুজ্জামান কয়েকটি উপজেলা কমিটি গঠন করেছিলেন। বিষয়টি জানানোর পর কেন্দ্র জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে। নিষেধাজ্ঞা থাকায় কোনো সাংগঠনিক সভা করা যাচ্ছে না। দলীয় সূত্র জানায়, গত জুলাইয়ে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদ নির্বাচনের সময় ছাত্রদলের দুই পক্ষ থেকে দুটি প্যানেলও দেওয়া হয়। ১০ জুলাই আহ্বায়ক শহিদুল ইসলাম হামলার শিকার হন। হামলায় তাঁর নাক ফেটে যায়। প্রায় একই ধরনের অভিযোগ করেন সাইদুর রহমান ও রেজাউল ইসলাম। শহিদুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকায় প্রায় ছয় মাস ধরে ছাত্রদলের কোনো কার্যক্রম চালাতে পারছি না। উপজেলা কমিটি গঠনের বিষয়ে কারও কাছ থেকে কোনো অনৈতিক সুবিধা নিইনি।’ তিনি দাবি করেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়নি। শুধু ইউনিট কমিটি গঠন ও পুনর্গঠনের বিষয়ে স্থগিতাদেশ রয়েছে।