পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়নের আগে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালাতে দেওয়া হবে না। প্রয়োজনে লাগাতার হরতাল-অবরোধ কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছে সন্তু লারমা-সমর্থিত তিনটি সহযোগী সংগঠন।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ হুমকি দিয়েছেন পাহাড়ি ছাত্র পরিষদ হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির নেতারা। রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের দক্ষিণ ফটকে এ সমাবেশের আয়োজন করা হয়। বক্তারা বলেন ‘পার্বত্য চট্টগ্রামে যত উন্নয়ন হয়, এখানকার স্থায়ী পাহাড়ি বাঙালি বাসিন্দারা তত ক্ষতির শিকার হয়। বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষার সুযোগ চাই। তবে স্থানীয় মানুষকে উদ্বাস্তু করার উন্নয়ন চাই না।’
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারদলীয় লোকজন দিয়ে চালানো পার্বত্য জেলা পরিষদগুলোর মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়ায় পার্বত্য এলাকার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বেহাল হয়ে পড়েছে। পিএসসি, জেএসসি এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডের মধ্যে সর্বনিম্ন পাসের হার তিন পার্বত্য জেলায়। এ পর্যায়ে শিক্ষার মান উন্নত না করে জোর করে বিশ্ববিদ্যালয় দেওয়া হচ্ছে।
পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি অনিল মারমার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি উদয়ন ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় সভাপতি জড়িতা চাকমা।
এর আগে সকাল সাড়ে নয়টায় শহরের কালিন্দীপুর এলাকার জনসংহতি সমিতির জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।