নীলফামারী আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। কিন্তু প্রায় দুই বছর ধরে এটির উদ্বোধন হচ্ছে না। ফলে মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। শিকার হচ্ছে বিড়ম্বনার।
নীলফামারী শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি আবদুল ওয়াহেদ সরকার বলেন, এই পাসপোর্ট কার্যালয়টি চালু না হওয়ায় এ জেলার গ্রাহকদের পাসপোর্টের জন্য রংপুর পাসপোর্ট কার্যালয়ে যেতে হয়। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর সেখানে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। দুইটা বেজে গেলে সেদিন আর কোনো কাজ হয় না। পাসপোর্টের কাগজ জমা দিতে, ছবি তুলতে কম করে হলেও দুই দফায় রংপুরে যেতে হয়। পাসপোর্ট আনতে আরেকবার অবশ্যই যেতে হয়। এতে সময় ও অর্থ যেমন ব্যয় হয়, তেমনি বিড়ম্বনারও শিকার হতে হয়।
জেলা শহরের জেলখানা সড়কের একটি ভাড়া বাসায় ২০১৩ সালে নীলফামারী আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় স্থাপন করা হয়। সেখানে প্রয়োজনীয় জনবল, মেশিন-রিডেবল পাসপোর্ট তৈরির যাবতীয় যন্ত্রপাতি আনা হয়। কিন্তু উদ্বোধন না হওয়ায় প্রায় দুই বছর ধরে এটির কার্যক্রম শুরু হচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক মেশিন-রিডেবল পাসপোর্ট তৈরি প্রকল্পের একজন কর্মচারী বললেন, ‘২০১৩ সালের মার্চ মাসে নীলফামারী আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের জন্য এ কক্ষগুলো ভাড়া করা হয়। এ কার্যালয়ে তিনজনকে ওই বছরের জুন মাসে নিয়োগ দেওয়া হয়। তখন থেকে আমরা বসে আছি। এক মাস আগে পাসপোর্ট তৈরির যাবতীয় যন্ত্রপাতিও এসেছে, কিন্তু প্রধান কার্যালয়ের নির্দেশনা না আসায় কাজ শুরু হচ্ছে না।’
পাসপোর্ট কার্যালয়ের উপপরিচালকের পদের কর্মকর্তাদের নামের তালিকায় দেখা যায়, প্রথম উপপরিচালক হিসেবে রফিকুল ইসলাম খান ২০১৩ সালের ২১ মার্চ যোগদান করে একই বছরের ৪ আগস্ট পর্যন্ত, জাকির হোসেন ওই বছরের ৪ আগস্ট থেকে ২০১৪ সালের ১০ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন। চলতি বছরের ১২ আগস্ট থেকে দায়িত্ব পালন করছেন নাজমুল আহসান হাবিব।
এ ব্যাপারে উপপরিচালক নাজমুল আহসান হাবিব বলেন, নীলফামারীসহ দেশের ১৮টি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় আনুষ্ঠানিকভাবে এ মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করার কথা রয়েছে। উদ্বোধন হলে কার্যক্রম শুরু হবে।