জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিট আবেদনের ওপর গতকাল সোমবার শুনানি শুরু হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন।
আজ মঙ্গলবারও শুনানি হওয়ার কথা। এ দুটি মামলায় বিচারক নিয়োগপ্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ১২ মে রিট করেন খালেদা জিয়া।
গতকাল আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। আবেদনকারীপক্ষে এ সময় আইনজীবী মওদুদ আহমদ, মাহবুব উদ্দিন খোকন, মো. আসাদুজ্জামান এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন। শুনানিতে আবেদনকারীর আইনজীবী বলেন, এ ধরনের মামলার বিচারকাজ পরিচালনার জন্য যিনি দায়িত্বপ্রাপ্ত হবেন, সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষ তাঁকে নতুন করে নিয়োগ দেবে। কিন্তু এ দুটি মামলার বিচারকাজ পরিচালনার ক্ষেত্রে এ ধরনের গেজেট নোটিফিকেশন হয়নি। গেজেট নোটিফিকেশন না করে ওই মামলা পরিচালনা আইনসম্মত নয়।
গত ১৯ মার্চ এ দুই মামলায় খালেদা জিয়া, তাঁর বড় ছেলে তারেক রহমানসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত-৩৷ এই অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদন গত ২৩ এপ্রিল খারিজ করেন হাইকোর্ট।
এ দুই মামলার বিচারকাজ চলছিল ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এ৷ এ দুই মামলায় ২১ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। ৭ মে আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলা দুটির বিচারকাজ পরিচালিত হবে বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে৷