জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার কার্যক্রম স্থগিত চেয়ে রিট আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া৷ আবেদনে মামলা দুটিতে বিচারক নিয়োগ-প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে৷ আগামী সপ্তাহে আবেদনের ওপর শুনানি হতে পারে৷
খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মো. আসাদুজ্জামান গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দুটি দায়ের করেন৷ রিটের বিষয়টি জানিয়ে মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, মামলা দুটি বিশেষ জজ আদালতে গেছে৷ ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট-১৯৫৮-এর সেকশন ৩ অনুসারে মামলার বিচারের জন্য যিনি দায়িত্বপ্রাপ্ত হবেন, তাঁর নিয়োগ নতুন করে অফিশিয়াল গেজেটে হতে হবে৷ এ ক্ষেত্রে অফিশিয়াল গেজেট হয়নি৷ ওই নিয়োগ কেন অবৈধ হবে না এবং গৃহীত কার্যক্রম কেন বাতিল হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে৷ রিটে মামলা দুটির কার্যক্রমও স্থগিত চাওয়া হয়েছে৷
আবেদনে আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, দুর্নীতি দমন কমিশন (দুদক), বিশেষ জজ আদালত-৩-এর বিচারককে বিবাদী করা হয়েছে৷
গত ১৯ মার্চ এই দুই মামলায় খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানসহ নয়জনের বিরুদ্ধে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন৷ এই অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদন গত ২৩ এপ্রিল হাইকোর্টে খারিজ হয়৷
ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এ এই দুই মামলার বিচার কার্যক্রম চলছিল৷ মামলা দুটিতে ২১ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে৷ ৭ মে আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলা দুটির বিচারকাজ পরিচালিত হবে ঢাকার বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে৷