কার্যক্রমবিহীন আধা ঘণ্টা, ট্রাইব্যুনালের অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এজলাসে নিজ আসনে তিন বিচারক। আছেন রাষ্ট্রপক্ষের কয়েকজন আইনজীবী। আসামির কাঠগড়ায় আসামি এবং সাক্ষীর কাঠগড়ায় সাক্ষীও হাজির। কিন্তু মামলার কার্যক্রম চলছে না। কারণ, আসামিপক্ষের মামলা পরিচালনাকারী আইনজীবী আসেননি। তাঁর জন্য অপেক্ষা চলল প্রায় আধা ঘণ্টা। এরপর অসন্তোষ জানিয়ে ও আদেশ দিয়ে এজলাস ত্যাগ করলেন তিন বিচারপতি।
গতকাল সোমবার এ ঘটনা ঘটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ। আসামিপক্ষের আইনজীবী সময়মতো উপস্থিত না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষীকে আসামিপক্ষের জেরা বন্ধ করে দেন ট্রাইব্যুনাল। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৮ জুলাই দিন ধার্য করা হয়।
মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত দুটি ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার নির্ধারিত সময় সকাল সাড়ে ১০টা। গতকাল নির্ধারিত সময়ের ১০ মিনিট পর আসন নেন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীর এবং অপর দুই সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক। কার্যতালিকার প্রথমে ছিল মোবারক হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী আবদুল মালেককে আসামিপক্ষের জেরা। কিন্তু মোবারকের আইনজীবী আহসানুল হক উপস্থিত ছিলেন না। এজলাসে উপস্থিত আসামির স্বজনেরা জানান, আহসানুল হক যানজটে আটকা পড়েছেন, কিছুক্ষণের মধ্যে পৌঁছাবেন। ট্রাইব্যুনাল তখন কার্যতালিকার দ্বিতীয় স্থানে থাকা জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মামলা শুরু করতে বলেন। এ মামলায় গতকাল রাষ্ট্রপক্ষের ১৪তম সাক্ষী আবদুস সেলিমকে আসামিপক্ষের জেরার দিন ধার্য ছিল। কিন্তু আসামিপক্ষে এ মামলা পরিচালনাকারী আইনজীবী মিজানুল ইসলামও উপস্থিত ছিলেন না। আসামিপক্ষের সহযোগী আইনজীবী আসাদউদ্দিন ট্রাইব্যুনালে বলেন, কার্যতালিকার দ্বিতীয় স্থানে থাকায় মিজানুল ইসলাম এখনো আসেননি। তবে ট্রাইব্যুনালের নির্দেশ পেলে তিনি এখনই চলে আসবেন।
এরপর আহসানুল হকের জন্য অপেক্ষা করতে থাকেন ট্রাইব্যুনাল। বেশ কিছুক্ষণ পর ট্রাইব্যুনাল বলেন, ‘এভাবে তো হয় না। কোর্টে ঠিক সময়ে আসতে হবে। আমরা আর সুযোগ দেব না।’ পরে বেলা সোয়া ১১টার দিকে ট্রাইব্যুনাল আদেশে বলেন, সোমবার রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী আবদুল মালেককে আসামিপক্ষের জেরার দিন ধার্য থাকলেও আহসানুল হক এখনো উপস্থিত হননি। এমনকি এ বিষয়ে তিনি কিছু জানাননি। তাঁর এ আচরণ অসন্তোষজনক। এ জন্য আবদুল মালেককে জেরা বন্ধ করে দেওয়া হলো। রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে ২৮ জুলাই।
আদেশ দেওয়ার শেষ পর্যায়ে এজলাসে উপস্থিত হন আহসানুল হক ও তাঁর সহযোগী আইনজীবী। ট্রাইব্যুনালের আদেশ দেওয়া শেষ হলে আহসানুল হক বলেন, ‘আমরা খুব কষ্ট করে এসেছি। আমরা মধ্যাহ্ন বিরতির পর জেরা করতে চাই।’ ট্রাইব্যুনাল বলেন, ‘না, অনেক সুযোগ দেওয়া হয়েছে।’ নিজামীর আইনজীবী মিজানুল ইসলামকে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়ে এজলাস ত্যাগ করেন তিন বিচারপতি।
বেলা পৌনে ১২টার দিকে মিজানুল ইসলাম ট্রাইব্যুনালে উপস্থিত হলে নিজামীর বিরুদ্ধে মামলার কার্যক্রম শুরু হয়। বেলা সাড়ে তিনটা পর্যন্ত এ মামলায় রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষীকে জেরা করেন মিজানুল। এ সময় নিজামী আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৪ জুলাই (বুধবার) দিন ধার্য করা হয়।