কার্যতালিকায় মুজাহিদের আবেদন ২, সাকার ৩ নম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় রাখা হয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চের কার্যতালিকায় শুনানির এ দিন ধার্য রয়েছে।

কার্যতালিকার দুই নম্বরে মুজাহিদের ও তিন নম্বরে সাকা চৌধুরীর আবেদন শুনানির জন্য রয়েছে। চার নম্বরে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল শুনানির জন্য রয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আজ বিকেলে এই কার্যতালিকা প্রকাশিত হয়।

আপিল বিভাগের এই বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মুজাহিদ ও সাকা চৌধুরীর পুনর্বিবেচনার আবেদন শুনানির জন্য ২ নভেম্বর আপিল বিভাগের কার্যতালিকায় ছিল। দুজনেরই প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন পুনর্বিবেচনার আবেদন শুনানির জন্য সময়ের আরজি জানান। এর পরিপ্রেক্ষিতে আদালত দুটি আবেদনই শুনানির জন্য ১৭ নভেম্বর তারিখ ধার্য করেন।