ঢাকা-নবাবগঞ্জ-বান্দুরা আঞ্চলিক মহাসড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। বেহাল রাস্তাটির সংস্কারের কোনো উদ্যোগ নেই। ছয় মাস আগে এ রাস্তা সংস্কারের জন্য প্রায় ১০ কোটি টাকার দরপত্র আহ্বান করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু এখনো কাজ শুরু হয়নি। ফলে দোহার ও নবাবগঞ্জের ছয় লাখ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।অভিযোগ রয়েছে, দুই মাস আগে ২৫ লাখ টাকা ব্যয়ে বড় বড় গর্ত ভরাটের কাজ করা হয়। কাজ এতই নিম্নমানের ছিল যে সামান্য বৃষ্টিতেই তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বেনুখালীর বাসিন্দা ফিরোজ মিয়া বলেন, রাস্তায় গর্ত ও খানাখন্দ থাকায় ৩০ কিলোমিটার রাস্তা যেতে দুই থেকে আড়াই ঘণ্টা লাগে। প্রতিদিন যাতায়াত করে অফিস করা কঠিন হয়ে পড়েছে। ইশতিয়াক সোহেল বলেন, এই সড়কে যাতায়াতে শুধু দুর্ঘটনার ঝুঁকিই বাড়িয়ে দেয় না, ভাঙা রাস্তায় রাতে ধীরগতিতে গাড়ি চালানোয় চুরি-ডাকাতির ঘটনাও বেড়ে চলেছে।সড়ক ও জনপথ বিভাগের মুন্সিগঞ্জ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. নাসিম বলেন, ‘ঠিকাদারকে ডেকে দ্রুত কাজ শুরু করতে বলা হয়েছে। দ্রুত কাজ না করলে কার্যাদেশ বাতিল করা হবে।’ এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্সের মালিক মহিউদ্দিন আহমেদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি।