কার্যাদেশ দেওয়ার আগেই কাটা পড়ল সড়কের গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে সামাজিক বনায়নের গাছ বিক্রির দরপত্র আহ্বানের পর সর্বোচ্চ দরদাতাকে কার্যাদেশ দেওয়ার আগেই স্থানীয় আওয়ামী লীগের নেতারা গাছ কেটে নিয়েছেন। সোনাইমুড়ী-রামগঞ্জ সড়কের জয়াগ বাজারের পশ্চিম অংশ থেকে কাছারী বাজার পর্যন্ত এলাকায় গাছ কাটার ঘটনা ঘটে। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে জয়াগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরু মিয়া ও করাতকল মালিক আবদুছ সাত্তারের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতে থানায় মামলা করা হয়েছে। তবে পুলিশ গতকাল শনিবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।বন বিভাগ সূত্রে জানা গেছে, সোনাইমুড়ী উপজেলার ভাওরকোট থেকে কাচারী বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার গাছ বিক্রির জন্য গত ফেব্রুয়ারিতে দরপত্র আহ্বান ও এপ্রিলে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত করা হয়। জেলা শহরের ঠিকাদার ভিপি নাছিরউদ্দিন ওই গাছ বিক্রির ঠিকাদারি পান। নাছির দরপত্রে উল্লিখিত গাছের মূল্য পরিষোধ না করায় তাঁকে কার্যাদেশ দিতে বিলম্ব হচ্ছিল। এরই মধ্যে স্থানীয় আওয়ামী লীগের কতিপয় নেতা ওই গাছগুলো ঠিকাদার নাছিরের কাছ থেকে কিনেছেন দাবি করে গত বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিক দিয়ে কাটতে শুরু করেন। শুক্রবার সকাল পর্যন্ত জয়াগ বাজারের পশ্চিম অংশ থেকে কাছারী বাজার পর্যন্ত এলাকার বিভিন্ন প্রজাতির ২৬টি মূল্যবান গাছ কাটা হয়। বন বিভাগের বেগমগঞ্জ রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামছুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, আওয়ামী লীগের নেতারা সম্পূর্ণ বেআইনিভাবে রাস্তার ২৬টি গাছ কেটে ফেলেছেন। তিনি খবর পাওয়ার পর ঘটনাস্থল ঘুরে এসে থানায় মামলা করেছেন।ঠিকাদার নাছিরউদ্দিন জানান, সোনাইমুড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি জামালউদ্দিনের মাধ্যমে দলের স্থানীয় নেতারা গাছগুলো তাঁদের কাছে বিক্রির প্রস্তাব করেন। এতে তিনি রাজি হলেও তাঁরা তাঁকে নির্ধারিত মূল্য পরিশোধ না করেই গাছ কাটতে শুরু করেন। নুরু মিয়া গাছ কাটার কথা স্বীকার করে জানান, গাছগুলো কিনে নেওয়ার জন্য দলীয় লোকজন নিয়ে একাধিক বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক গাছের মূল্য বাবদ তাঁরা সাতজন এক লাখ টাকা এবং তিনজন ৫০ হাজার টাকা করে পৌর আওয়ামী লীগের সভাপতি জামালউদ্দিনের কাছে জমা দিয়েছেন। এরপর তাঁর (জামালউদ্দিন) পরামর্শেই গত বৃহস্পতিবার শ্রমিক দিয়ে তাঁরা গাছ কাটা শুরু করেন। কয়েকটি গাছ কাটার পর বন কর্মকর্তা সরকারি কোষাগারে গাছের মূল্য পরিশোধ হয়নি জানিয়ে গাছ কাটতে নিষেধ করেন। এ বিষয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি জামালউদ্দিনের বক্তব্যের জন্য তাঁর মুঠোফোনে অসংখ্যবার চেষ্টা করেও ফোন বন্ধ পাওয়া যায়।সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজিবুল ইসলাম জানান, বন কর্মকর্তার অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়েও গাছ কাটার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে চেষ্টা চলছে। এ ছাড়া পুলিশ রাস্তার পাশ থেকে বেশ কয়েকটি গাছের কাটা টুকরো জব্দ করেছে বলেও জানান ওসি।