কার্যাদেশ দেওয়ার প্রায় আট মাস পরও রাজবাড়ী সদর উপজেলার বাগমারা-জৌকুরা বাজার সড়কের কাজ শুরু হয়নি। এতে এ অংশে কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ কারণে এ পথে যাতায়াত করতে গিয়ে যাত্রীরা ভোগান্তি পোহাচ্ছে।সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের রাজবাড়ী কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ১০ মার্চ বাগমারা মোড়-জৌকুরা বাজার পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার এবং ধুঞ্চির মেছেঘাটা-সোনাকান্দর মৌলভী ঘাট পর্যন্ত আড়াই কিলোমিটারে কার্পেটিং করার জন্য দরপত্র আহ্বান করা হয়। একটি প্যাকেজের আওতায় এ কাজের জন্য তিন কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি পায় জামিল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ১৬ মে ওই প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। ঠিকাদার শেষের অংশে কাজ প্রায় শেষ করে ফেললেও প্রথম অংশে শুরুই করেননি।এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাগমারা মোড়-জৌকুরা বাজার সড়কটি রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ অংশ দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের মেলবন্ধন তৈরি করেছে। সরেজমিনে দেখা গেছে, সংস্কার না হওয়ায় বাগমারা থেকে জৌকুরা ফেরিঘাট পর্যন্ত অংশের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে, সূর্যনগর রেলস্টেশনের পর থেকে সড়কের কোথাও খোয়া উঠে গর্তের সৃষ্টি হয়েছে, আবার কোথাও কোথাও ধসে পড়েছে। চরলক্ষ্মীপুর গ্রামের অটোরিকশাচালক আবুল হোসেন জানান, রাস্তার অবস্থা খুব খারাপ হওয়ায় সময় অনেক বেশি লাগে। রাজবাড়ী বাসমালিক গ্রুপের সাধারণ সম্পাদক মুরাদ হাসান জানান, শিগগির কাজ শুরু করা না হলে তাঁরা বাস চলাচল বন্ধ করে দিতে বাধ্য হবেন।সওজ অধিদপ্তর রাজবাড়ী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় জানান, চাহিদা অনুযায়ী বরাদ্দ ছাড় করতে না পারায় ওই অংশে কাজ শুরু হলেও গতি কম ছিল। একই প্যাকেজের আওতায় অন্য কাজটি শেষ হলেই এখানে পুরোদমে শুরু হবে।