কার্যাদেশ দেওয়ার এক বছরেও কাজ শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা-সাদুল্যাপুর ১১ কিলোমিটার সড়কের প্রায় তিন কিলোমিটার অংশের ইট, খোয়া উঠে গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষত, গাইবান্ধা শহরের খানকা শরিফ এলাকা থেকে সারবাজার পর্যন্ত সড়কের অবস্থা বেহাল। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। কিন্তু কার্যাদেশ দেওয়ার এক বছর পেরিয়ে গেলেও সংস্কারকাজ শুরু হচ্ছে না।গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, শহরের খানকা শরিফ, জামেরতলা, সারবাজার, কাজলঢোপ ও খোলাবাড়ী এলাকায় সড়কটি বেশি ক্ষতিগ্রস্ত। অবশিষ্ট অংশের কার্পেটিং উঠে যাওয়ার উপক্রম। বিধ্বস্ত অংশের ছবি তোলার সময় সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন সাদুল্যাপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম। তিনি আক্ষেপ করে বললেন, ‘বিধ্বস্ত সড়কে রিকশা-ভ্যানে যাতায়াত দুষ্কর। এমনকি হেঁটে চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিষয়টি সওজ কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না।’ এ সময় সাদুল্যাপুর উপজেলার জয়েনপুর গ্রামের রিকশাচালক শফিকুল মিয়া (৪৮) বলেন, ‘সরোক দিয়া সোরকারের ম্যালা নোক যাওয়া আসা করে। তামারঘরে কারও চোকোত ভাঙ্গা আস্তা পড়ে না। হামরা কসটো করি ভাঙ্গা আস্তাত একসা চলব্যার নাগচি। ভালো করি পেপারোত নেকেন। যাতে তাড়াতাড়ি কাম হয়।’গাইবান্ধা সড়ক ও জনপদ (সওজ) অফিস সূত্র জানায়, সড়কটি গাইবান্ধা থেকে সাদুল্যাপুর পর্যন্ত ১১ কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে শহরের খানকা শরিফ থেকে সারবাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশের করুণ অবস্থা। সাদুল্যাপুর উপজেলা শহরের ব্যবসায়ী খোরশেদ আলম বলেন, ‘এই সড়কে প্রায় প্রতিদিন শহরে যাতায়াত করতে হয়। কিন্তু সড়কের কোথাও ইট, খোয়া, কোথাও কার্পেটিং উঠে গেছে। ফলে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শুনেছি, দরপত্র আহ্বান করা হয়েছে। অথচ ঠিকাদারের গাফিলতির কারণে সংস্কারকাজ শুরু হচ্ছে না।’ সাদুল্যাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খাদেমুল ইসলাম জানান, উপজেলার ১১টি ইউনিয়নের প্রায় চার লাখ মানুষ এই সড়ক দিয়ে জেলা শহরে যাতায়াত করে। কিন্তু সড়ক বিভাগকে বারবার তাগাদা দেওয়ার পরও সংস্কারকাজ শুরু হচ্ছে না। এ কারণে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।গাইবান্ধা সওজের নির্বাহী প্রকৌশলী এম এ সেলিম প্রথম আলোকে জানান, সড়ক বিভাগের আওতায় এক কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে সড়কের ১০ কিলোমিটার অংশ সংস্কারের জন্য দরপত্র আহ্বান ও কার্যাদেশ দেওয়া হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠান এমএমআর-এএই জেবির স্বত্বাধিকারী মতলুবর রহমান গাফিলতির অভিযোগ অস্বীকার করে বলেন, কার্যাদেশ দেওয়া হলেও কোনো অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। এ ছাড়া এক বছরে নির্মাণসামগ্রীর দাম দ্বিগুণ বেড়ে গেছে। এ কারণে কাজ শুরু করা যাচ্ছে না।