‘রাস্তাত গাড়ি লইয়া বারইলেই (রাস্তায় গাড়ি নিয়ে বের হলে) এক্সেল ভাঙে। রিং পিস্টন নষ্ট হয়। টায়ার নষ্ট হয়। সকালে গাড়ি লইয়া বারইলে (বের হলে) বিকালে ওয়ার্কশপো নেওয়া লাগে। ১০০ টেকা (টাকা) রুজি করলে ৫০০ টেকা খরচ হয়। ছাত্র, রোগী কোনো প্যাসেঞ্জাররেই সময়মতো গন্তব্যে পৌঁছানো যায় না। কদিন পর আইয়া তোরা খুঁড়ে (কয়েকদিন পর এসে সামান্য খুঁড়ে)। এতে রাস্তার অবস্থা আরও খারাপ অয় (হয়)।’ কথাগুলো মৌলভীবাজার-মুন্সিবাজার-কমলগঞ্জ-শমশেরনগর রুটের বেবি মিশুক সিএনজি স্ট্যান্ড পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফজির মিয়ার।ফজির মিয়ার বক্তব্যে মৌলভীবাজার-শমশেরনগর সড়কের এই বেহাল দশার চিত্র ফুটে উঠেছে। প্রায় এক বছর ধরে সড়কটির ভাঙাচোরা অবস্থা। রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে ছোট-বড় গর্তের। এর মধ্যে রাস্তা সংস্কারের জন্য অনেক জায়গার পিচ তুলে ফেলা হলেও সংস্কারের কাজ শুরু করা হয়নি। এতে মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।শুধু মৌলভীবাজার-শমশেরনগর সড়ক নয়, জেলার কুলাউড়া-জুড়ী-বড়লেখা সড়কেও যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত বছরের বন্যায় এই সড়কের ৩০ কিলোমিটারের মধ্যে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তা সংস্কারের জন্য দরপত্র-প্রক্রিয়া সম্পন্ন হলেও প্রায় ছয় মাস ধরে সংস্কারের কাজ ঝুলে আছে।সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানায়, মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী-বড়লেখা সড়কের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩০ কিলোমিটার এবং মৌলভীবাজার-শমশেরনগর সড়কের ১১ কিলোমিটারের সংস্কারকাজের জন্য গত বছরের ফেব্রুয়ারিতে সওজের ঢাকার প্রধান কার্যালয় থেকে একটি প্যাকেজে দরপত্র আহ্বান করা হয়। ঢাকার আরসিএসএসজেভি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ১৪ কোটি টাকার এই কাজের দায়িত্ব পায়। ওই বছরের আগস্ট মাসের শুরুতে কার্যাদেশ দেওয়া হয়। কাজ শুরুর কথা ছিল ওই মাসেই।গাড়িচালকসহ এলাকাবাসী জানান, প্রায় এক বছর ধরে মৌলভীবাজার-শমশেরনগর সড়কের প্রায় ১১ কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযুক্ত হয়ে আছে। রাস্তার বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যে দুই-তিন মাস ধরে সংস্কারের নামে রাস্তার বিভিন্ন স্থানে পিচ তুলে ফেলা হয়েছে। এতে রাস্তার অবস্থা আরও খারাপ হয়েছে।আরসিএসএসজেভির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মৌলভীবাজার-শমশেরনগর সড়কে কাজ শুরু হয়েছে। সড়কের সবচেয়ে খারাপ অংশের কার্পেট ওঠানো হচ্ছে। এখানে সব কাজ হবে যন্ত্রের মাধ্যমে। তাঁদের যন্ত্রটি অন্যত্র জরুরি কাজে নিয়োজিত। ১৫-২০ দিনের মধ্যে যন্ত্রটি এখানে নিয়ে আসা হবে। যন্ত্র নিয়ে আসা হলে কাজ শুরু হবে। তবে এর আগে রাস্তার গর্তগুলো সংস্কার করা হবে, যাতে মানুষের চলাচলে সমস্যা না হয়।মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সমন্বয় সভায় এ নিয়ে আলাপ হয়েছে। কাজ শুরু না করায় সড়ক ও জনপথ বিভাগ ঠিকাদারকে কারণ দর্শাতে বলেছে। জনসাধারণের সুবিধার্থে সড়ক ও জনপথ বিভাগ নিজ উদ্যোগে যেখানে গর্ত আছে, তার কিছু মেরামত করে দেবে।’সওজের মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত বলেন, ঠিকাদার এখনো কাজ শুরু করেনি। মানুষের দুর্ভোগ কমাতে তাঁরা কিছু গর্ত ভরাট করে দিচ্ছেন।এদিকে, মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী-বড়লেখা সড়কেও যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায় ছয় মাস ধরে এই সড়কেরও সংস্কারকাজ ঝুলে আছে। এতে লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।বাসচালক রহমত মিয়া (৩৫) ক্ষোভের সঙ্গে বলেন, ‘রাস্তাটা অতোদিন ধরি ভাঙা পড়ি রইছে। দেখবার যেন কেউ নাই! দেখইন পত্রিকাত লেখিয়া কোনো কাম নি অয়।’অটোরিকশার চালক কালাম মিয়া (৩০) বলেন, ‘রাস্তাত বড় বড় গাত। গাড়ি চালানি বড় রিস্কি (ঝুঁকি)। অউ ডরে রাইত গাড়ি বার করি না। ছোট গাড়ি। চাক্কা গাতো পড়লে কাইত অই যায়।’স্থানীয় ব্যক্তিদের ভাষ্যমতে, সড়কের ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থানে প্রায়ই ছোটখাট দুর্ঘটনা ঘটছে। জুড়ীর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত বলেন, ‘লোকজনের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে সড়কটির সংস্কারকাজ শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ করা হয়েছে। কিন্তু তাতে কাজ হচ্ছে না।’