কার্যাদেশ দেওয়ার তিন বছরেও শুরু হয়নি কাজ
কার্যাদেশ দেওয়ার প্রায় তিন বছর পরেও রাজবাড়ী সদর উপজেলার বাগমারা-জৌকুরা সড়কের বাগমারা সেতু পুনর্নির্মাণের কাজ শুরু হয়নি। বিল না পাওয়ায় এবং নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় কাজ শুরু করা যায়নি বলে দাবি করেছেন ঠিকাদার। আর এ কারণে দক্ষিণ ও উত্তরাঞ্চলের কমপক্ষে ১৬ জেলার মানুষকে এই পুরোনো সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের রাজবাড়ী কার্যালয় সূত্রে জানা গেছে, পিএমপি প্রকল্পের আওতায় ২০১১ সালের জানুয়ারিতে ওই সেতুসহ মোট তিনটি সেতুর দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে দুটি সেতু বালিয়াকান্দি-মধুখালী এবং অন্যটি বাগমারা-জৌকুরা সড়কে। এগুলো নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয় এক কোটি ৫৪ লাখ ৪৯৫ টাকা। মেসার্স শাহীন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজ পান। কিন্তু আমমোক্তারনামা দিয়ে সেতু নির্মাণের কাজের দায়িত্ব নেন রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি (কমিটি স্থগিত) আবুল হাসেম ওরফে সুজন। এই সেতুগুলোর নির্মাণের কার্যাদেশ দেওয়া হয় ২০১১ সালের ১৫ মে। এক বছরের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা ছিল। পরে নানা কারণে ঠিকাদার গত বছরের ১৫ মে পর্যন্ত সময় বাড়ান। এই সময়ে বালিয়াকান্দি-মধুখালী সড়কের সেতু দুটির মূল অবকাঠামো নির্মাণের কাজ শেষ হলেও বাগমারার এই সেতুটি পুনর্নির্মাণের কাজই শুরু হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, পটুয়াখালীসহ দক্ষিণবঙ্গের কমপক্ষে আট জেলার সঙ্গে উত্তরবঙ্গের পাবনা, বগুড়া, সিরাজগঞ্জসহ আট জেলার যোগাযোগের সহজ ও দ্রুততম মাধ্যম বাগমারা-জৌকুরা সড়ক। এ ছাড়া স্থানীয় কৃষকেরা ধান, রবিশস্য ও শাকসবজি এই রাস্তা দিয়ে জেলা শহরে নিয়ে যান।
ব্যাটারিচালিত ইজিবাইকের চালক শহিদুল ইসলাম শেখ জানান, সেতুর দুই পাশের রাস্তায় পিচ উঠে অনেক দিন ধরে মাটি বের হয়ে আছে। এ কারণে সেতুতে ওঠার সময় গাড়িগুলোকে পেছন থেকে ধাক্কা দিতে হয়। একটু বৃষ্টি হলে দুর্ভোগের সীমা থাকে না। তখন সেতুর ওপর উঠতে ভীষণ কষ্ট হয়।
ঠিকাদার আবুল হাসেম জানান, অন্য দুটি সেতুর কাজ শেষ করা হলেও পুরো বিল পাওয়া যায়নি। সেই সঙ্গে বর্তমানে নির্মাণসামগ্রীর দাম অনেক বেড়ে গেছে। এসব কারণে সেতু নির্মাণের কাজ করা যায়নি।
রাজবাড়ী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী বিমল কুমার সন্ন্যাসী জানান, একাধিকবার নোটিশ দেওয়ার পরও ঠিকাদার ওই সেতুর নির্মাণকাজ শুরু করেননি। সম্প্রতি তিনি কাজ না করার কথা জানিয়ে চিঠি দিয়েছেন। এখন নতুন করে আবার সেতু পুনর্নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হবে।