রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় যান চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।
গত ১৭ ফেব্রুয়ারির বৃষ্টিতে ওই সড়কের মাঝে মাঝে সৃষ্টি হওয়া গর্তে অন্তত ১৫টি গাড়ি আটকে পড়ে। এদিকে এ সড়কে কার্যাদেশ দেওয়ার দেড় মাস পরও সংস্কারকাজ শুরু হয়নি। সড়কজুড়ে খানাখন্দ সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে যান চলাচল করছে।
খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৫ ডিসেম্বর মারিশ্যা-দীঘিনালা সড়কের ১৭ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য টেন্ডার আহ্বান করা হয়। ১৭ কিলোমিটার সংস্কারকাজে ব্যয় ধরা হয় এক কোটি ৩৩ লাখ টাকা। ৩০ ডিসেম্বর প্রথমে তিন কিলোমিটার সড়ক সংস্কারের পর আবার ১৪ কিলোমিটার সংস্কারের কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশ দেওয়ার পর দেড় মাস পার হয়ে গেলেও এখনো কাজ শুরু করা হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ ও ১৭ ফেব্রুয়ারির টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সড়কজুড়ে গর্তের সৃষ্টি হয়। এতে সড়কে ১০ থেকে ১৫টি ছোট-বড় গাড়ি আটকা পড়ে।
সরেজমিনে দেখা গেছে, সড়কজুড়ে গর্ত ও ভাঙনের সৃষ্টি হয়েছে। বেইলি ব্রিজ এলাকায় শান্তি পরিবহনের একটি গাড়ি দুই দিন ধরে আটকা পড়ে আছে। চার থেকে পাঁচটি স্থানে ঝুঁকি নিয়ে যান চলাচল করছে।
এ সড়কের নিয়মিত যাত্রী সমর বিজয় চাকমা বলেন, গত ১ ফেব্রুয়ারি বাঘাইছড়ির সাজেকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের মারিশ্যা-দীঘিনালা সড়কে দ্রুত সংস্কারকাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। কিন্তু এখনো সংস্কারকাজ শুরু করা হয়নি। সড়কের বিভিন্ন স্থানে গর্ত ও ভাঙন সৃষ্টি হওয়ায় চরম ঝুঁকি নিয়ে যান চলাচল করছে।
শান্তি পরিবহনের বাসচালক মো. সাহাবউদ্দিন প্রথম আলোকে বলেন, গত সোমবার বেইলি ব্রিজ, চারকিলো ও নয়কিলো এলাকায় ১০ থেকে ১৫টি গাড়ি আটকা পড়ে। পরে এলাকার লোকজন ও যাত্রীরা টেনে গাড়িগুলো পার করে। আমাদের একটি শান্তি পরিবহন বিকল হয়ে পড়ে রয়েছে।
খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইসমাইল হোসেন বলেন, ইতিমধ্যে ১৭ কিলোমিটার সংস্কারের জন্য টেন্ডারের মাধ্যমে কার্যাদেশ দেওয়া হয়েছে। দ্রুত কাজ শুরু করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।