কার্যাদেশ না পেয়েই কাজ শুরু, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় কার্যাদেশ দেওয়ার আগেই দুজন ঠিকাদার একটি গুচ্ছের উন্নয়নকাজ শুরু করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কার্যাদেশ প্রত্যাশী ঠিকাদারেরা গতকাল রোববার ভোলা জেলা পরিষদের সামনে বিক্ষোভ করেছেন। পরে পুলিশ ও জেলা পরিষদের প্রশাসক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত শতাধিক ঠিকাদার ভোলা জেলা পরিষদে ঢুকে বিক্ষোভ করতে থাকেন। সবুজ, আতিক, রুবেলসহ কয়েকজন ঠিকাদার বলেন, ‘জেলা পরিষদের ৪৪ গুচ্ছ (প্যাকেজ) কাজের দরপত্র দাখিলের পর সিদ্ধান্ত হয়েছে, দলীয় কর্মীদের মধ্যে কাজগুলো ভাগ করে দেওয়া হবে। কিন্তু দলীয় কর্মীদের না দিয়ে গোপনে জেলা পরিষদের প্রশাসকসহ দলের বড় নেতারা তাঁদের নিজের লোকজনের মধ্যে কাজ ভাগ করে দিয়েছেন।
ঠিকাদারদের অভিযোগের ভিত্তিতে খোঁজ নিয়ে দেখা গেছে, ভোলা শহরের অফিসারপাড়ার এমদাদুল উলুম লুৎফুর রহমান মাদ্রাসার সীমানাপ্রাচীরের কাজ গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। মো. হাসান ও মো. রাসেল নামের দুই ঠিকাদার কাজটি করছেন বলে জানা গেছে। কাজটি প্রায় পাঁচ লাখ টাকার। ইতিমধ্যে সীমানাপ্রাচীর নির্মাণের জন্য গর্ত করাসহ কার্যক্ষেত্রে ইট, বালু এনে রাখা হয়েছে।
মো. হাসান ও মো. রাসেল কার্যাদেশ না পেয়ে কাজ করার কথা অস্বীকার করেছেন। হাসান বলেন, ‘আমি জানি, জেলা পরিষদ কাজগুলো দলীয় কর্মীদের মধ্যে ভাগ করে দেবে। তাই দরপত্রই কিনিনি। দরপত্র না কিনে কাজ শুরু করব কেন?’ তবে রাসেল কাজটি করছেন বলে হাসান জানিয়েছেন।
জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন বলেন, ‘শতাধিক দরপত্র গত ২৫ মার্চ গ্রহণ করা হয়েছে। এখন দরপত্রের মূল্যায়ন চলছে। মূল্যায়ন শেষে কার্যাদেশ দেওয়া হবে। কার্যাদেশ না দিতেই হাসান ও রাসেল নামের দুজন একটি গুচ্ছের কাজ শুরু করেছেন। এ সম্পর্কে আমরা কিছুই জানি না।’