কার্যাদেশ পাওয়ার আগেই কাজ শুরু, পরে বন্ধ
কার্যাদেশ পাওয়ার আগেই এক ঠিকাদার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নাকাটি-ভাবনাগঞ্জ চার কিলোমিটার সড়ক পাকাকরণ ও একটি কালভার্ট নির্মাণকাজ শুরু করেন। কয়েক মাস পর আবার কাজ বন্ধ করে দেওয়ায় মানুষের ভোগান্তি আরও বেড়েছে।
উপজেলার রামদেবপুর গ্রামের ভ্যানচালক আক্কাস আলী বলেন, ‘চাইর-পাঁচ মাস আগে থাকে আস্তার (রাস্তা) দুই পাকে ইটের খোয়া ফেলাইচে আর আস্তাডা কাটে থুইচে। এলা কেহ কাম করে না। ভেন লেহেনে ঐ ভাঙ্গা জাগাখান পার হইতে জান নিকলে যাছে।’
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) পীরগঞ্জ উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে টেকসই গ্রামীণ উন্নয়ন প্রকল্প-এসআরআইপির আওতায় এডিবি থেকে প্রায় চার কোটি ৪৬ লাখ টাকা বরাদ্দ করা হয়। ওই টাকা দিয়ে পীরগঞ্জের ভামদা দাখিল মাদ্রাসা থেকে শুরু করে ভাবনাগঞ্জ পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক পাকাকরণ এবং মাঝখানে একটি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারি মাসে দরপত্র আহ্বান করা হয়।
দরপত্রগুলো মূল্যায়নের জন্য এডিবিতে পাঠানো হয়েছে এবং এখনো সেগুলো যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এ কারণে কোনো ঠিকাদার এ পর্যন্ত কার্যাদেশ পাননি। কিন্তু কার্যাদেশ পাওয়ার আগেই ঠিকাদার এম এ মঈন জানুয়ারি মাসের শেষের দিকে ওই রাস্তার কাজ শুরু করেন। এপ্রিলের মাঝামাঝি কাজ বন্ধ করে দেন।
গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, ভামদা মাদ্রাসা থেকে কুঠিআম ঈদগাহ হয়ে টাঙ্গন নদীর সেতুর পূর্ব পাশ পর্যন্ত রাস্তার দুই ধারে ইটের খোয়া ফেলে রাখা হয়েছে। টাঙ্গন সেতুর কাছে বক্স কালভার্ট নির্মাণের জন্য মূল রাস্তা কেটে সেখানে রড, পাথর, বালু ও খোয়া ফেলা হয়েছে। রাস্তা কেটে রাখায় এখন নাকাটি-কুঠিআম-ভাবনাগঞ্জ রাস্তায় কোনো যানবাহন চলাচল করছে না।
এলাকাবাসী জানান, এই রাস্তা দিয়ে উপজেলার কোষারানীগঞ্জ ও সৈয়দপুর ইউনিয়নের ডাঙ্গীপাড়া, রামদেবপুর, শালগড়া, কোঠাপাড়াসহ ১৪-১৫টি গ্রামের ৩০ হাজারের বেশি মানুষ উপজেলা সদরে সহজে যাতায়াতের সুবিধা পান। কিন্তু সড়কটি পাকাকরণ ও কালভার্ট নির্মাণ শুরু হয়ে মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা অনিশ্চয়তায় ভুগছেন।
পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী নুরুজ্জামান সরদার জানান, দরপত্র তো অনেক ঠিকাদার জমা দিয়েছেন। কার্যাদেশ পাওয়ার আগে একজন ঠিকাদার মালামাল ফেলেছেন শুনেছি। তিনি তাঁর নিজ দায়িত্বে কাজ শুরু করেছেন। এডিবির অনুমোদন পাওয়া গেলেই কোন ঠিকাদার কাজ পেল, তা বলা যাবে।
ঠিকাদারের ব্যবস্থাপক উত্তম কুমার প্রথম আলোকে জানান, ৪০-৫০ লাখ টাকা মূল্যের রড, পাথর, বালু ও ইটের খোয়া পড়ে আছে। এত দিনে দুই-আড়াই কিলোমিটার রাস্তা পাকা করা এবং কালভার্টের নির্মাণকাজ প্রায় শেষ হয়ে যেত। এখন সেতুর জায়গায় পানি উঠে যাচ্ছে, তাই কার্যাদেশ না পেলে মুশকিল হয়ে যাবে।
ঠিকাদার এম এ মঈন বলেন, ‘আমি দরপত্র ফেলে ভাবছিলাম কাজটা পাব। এ ছাড়া বর্ষা আসার আগেই কাজটা শেষ করে ফেলতে পারলে ভালো হয় মনে করে আমি স্বেচ্ছায় রড, পাথর, বালু ও ইটের খোয়া ফেলেছি। এতে এলজিইডির কোনো দায়দায়িত্ব নেই। শিগগিরই কার্যাদেশ না পেলে মালামাল তুলে নিয়ে আসব।’