কার্যাদেশ পাওয়ার পর চার মাসেও শুরু হয়নি সংস্কার
কার্যাদেশ পাওয়ার পর চার মাস পার হলেও বগুড়ার সান্তাহার-তিলকপুর রাস্তার সংস্কারকাজ শুরু করেননি সংশ্লিষ্ট ঠিকাদার। অথচ এটি সান্তাহার পৌর শহর থেকে জয়পুরহাট জেলার সংযোগ রক্ষাকারী একমাত্র রাস্তা এবং প্রায় পাঁচ বছর ধরে যানবাহন চলাচলের অনুপযোগী।এলাকাবাসী সূত্রে জানা গেছে, বগুড়া জেলা যুবলীগের একজন নেতার ছোট ভাইয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাশফা এন্টারপ্রাইজসহ স্থানীয় যুবলীগের আরও দুজন নেতার দুটি প্রতিষ্ঠান রাস্তাটির প্রায় পাঁচ কিলোমিটার সংস্কারকাজের দায়িত্ব পায়। গত মার্চ মাস থেকে স্থানীয় দুজন ঠিকাদার রাস্তাটির প্রায় তিন কিলোমিটার অংশের সংস্কারকাজ শুরু করলেও মাশফা এন্টারপ্রাইজ তা শুরু করেনি।বগুড়া জেলা ও আদমদীঘি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট থাকা ঠিকাদারকে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে জানানোর পরও সংস্কারকাজ শুরু করেননি। বর্ষা শুরুর আগে রাস্তার সংস্কার শেষ করা না গেলে এ রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে।২০১১ সালের ৫ ডিসেম্বর সান্তাহার-তিলকপুর রাস্তার ৪ দশমিক ৭ কিলোমিটার রাস্তা সংস্কারের দরপত্র আহ্বান করা হয়। একই মাসের শেষ সপ্তাহে সংস্কারকাজের জন্য কার্যাদেশ দেওয়া হয়। তিনটি ভাগে এই রাস্তার সংস্কারকাজের ব্যয় ধরা হয় প্রায় ৯০ লাখ টাকা। দুটি ভাগের প্রায় তিন কিলোমিটার রাস্তা সংস্কারের দায়িত্ব পান সান্তাহারের ঠিকাদার জাহিদ হাসান ও নিসরুল হামিদ। বাকি দুই কিলোমিটারের কাজ পান বগুড়ার মের্সাস মাশফা এন্টারপ্রাইজ। ঠিকাদার জাহিদ হাসান ও নিসরুল হামিদ মার্চ মাস থেকে শুরু করে তিন কিলোমিটার রাস্তার সংস্কারকাজের প্রায় ৬০ ভাগ শেষ করেছেন। কিন্তু মেসার্স মাশফা এন্টারপ্রাইজ এখন পর্যন্ত কাজ শুরু করেনি।ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মোত্তাকিন বলেন, ‘নষ্ট হয়ে যাওয়া রাস্তার সবটুকু আমার ইউনিয়নে পড়ায় রাস্তা মেরামত না হওয়ার জবাবদিহি আমাকেই করতে হচ্ছে। প্রায় পাঁচ বছর ধরে এই রাস্তায় চলাচলকারীরা দুর্ভোগ পোহাচ্ছেন। শুধু ঠিকাদারের অবহেলার কারণে রাস্তার কাজ বন্ধ রয়েছে।’আদমদীঘি উপজেলা প্রকৌশলী গোলাম মোরশেদ জানান, কার্যাদেশ পাওয়ার এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করা এবং ১২০ দিনের মধ্যে তা শেষ করার বিধান রয়েছে। কিন্তু মেসার্স মাশফা এন্টারপ্রাইজ তা তোয়াক্কা করছে না।বগুড়া স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী নাঈম হোসেন জানান, সংশ্লিষ্ট ঠিকাদারকে একাধিকবার মৌখিক ও লিখিত তাগাদা দেওয়া হয়েছে, কিন্তু তিনি কোনো কিছুর তোয়াক্কা করছেন না। শিগগিরই তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।গতকাল রোববার দুপুরে মাশফা এন্টারপ্রাজের স্বত্বাধিকারী খোকন বলেন, ‘নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় এবং কিছু সরঞ্জাম না পাওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না। আমি ঠিকাদারি ব্যবসায় কখনও দলীয় প্রভাব খাটাই না এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। শিগগিরই ওই রাস্তার কাজ শুরু করব।’