কার্যাদেশের আগেই সড়ক সংস্কার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নিমতলা বাসস্ট্যান্ড থেকে কলেজপাড়া অভিমুখে  একটি রাস্তায় ইট বিছানো হচ্ছে। পৌরসভার কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মার্জেদ আলী এ কাজ করাচ্ছেন l ছবি: প্রথম আলো
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নিমতলা বাসস্ট্যান্ড থেকে কলেজপাড়া অভিমুখে একটি রাস্তায় ইট বিছানো হচ্ছে। পৌরসভার কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মার্জেদ আলী এ কাজ করাচ্ছেন l ছবি: প্রথম আলো

দরপত্র দাখিল হয় ১১ মার্চ। কাজ শুরু করে দেওয়া হয় পরদিন। ৪০ লাখ টাকার নয়টি গুচ্ছের (প্যাকেজ) চারটির কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। যদিও এখনো কোনো কার্যাদেশ দেয়নি ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ। কাজগুলো যাঁরা করছেন, তাঁরা সবাই ক্ষমতাসীন দলের নেতা।
পৌরসভার একটি সূত্র জানায়, পৌর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লার ছোট ছোট রাস্তা তৈরির জন্য ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। নয়টি গুচ্ছের এই কাজের দরপত্র আহ্বান করা হয় গত ১৯ ফেব্রুয়ারি। প্রতিটি গুচ্ছে পাঁচ থেকে সাতটি দরপত্র বিক্রি হয়। দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১১ মার্চ।
ঠিকাদারদের একটি সূত্র জানায়, দরপত্র জমা দেওয়ার পরের দিন ১২ মার্চ কাজ শুরু করেন পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবলীগের উপজেলা কমিটির আহ্বায়ক রেজাউল করিম। তিনি নিজ নামের লাইসেন্সে দরপত্র দাখিল করেন। পৌর এলাকার ঈশ্বরবা ও কাশীপুর গ্রামে পাঁচটি রাস্তার কাজ ইতিমধ্যে শেষ করেছেন তিনি। একইভাবে কাজ শুরু করেছেন পৌরসভার বর্তমান কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মার্জেদ আলী। তিনি অন্য একজন ঠিকাদারের লাইসেন্স ব্যবহার করে দরপত্র-প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। তিনি ১ নম্বর ওয়ার্ডের কয়েকটি রাস্তার কাজ শুরু করছেন। শহরের নিমতলা এলাকার বাবলু বিশ্বাসের বাড়ির পাশ দিয়ে চলছে একটি রাস্তার কাজ। দ্রুততার সঙ্গে কাজগুলো করা হচ্ছে।
ঠিকাদারেরা জানান, এই কাজগুলো কোন ঠিকাদার পাবেন, তা এখনো নিশ্চিত করে বলা যায় না। তাহলে সেসব কাজ কীভাবে শুরু করা হলো।
রেজাউল করিম জানান, কাজগুলো পাবেন—এমন আশা নিয়েই তিনি কাজ শুরু করেছেন। তা ছাড়া তিনি পৌর কর্তৃপক্ষের মৌখিক অনুমতি নিয়েছেন। মার্জেদ আলীও প্রায় একই রকম কথা বলেন।
কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল ইসলাম ওরফে বাবু বলেন, এ বিষয়ে তাঁরা কিছুই জানেন না।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবদুল ওহাব বলেন, কাজ শুরুর বিষয়ে তাঁরা কিছুই জানেন না। দরপত্র জমা নেওয়া হয়েছে। এখনো যাচাই-বাছাই চলছে। এর মধ্যেই কাজ শুরু করা হয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি শোনার পর তাঁরা কাজ করতে নিষেধ করেছেন। কিন্তু ওই ঠিকাদারেরা শুনছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঠিকাদার বলেন, পৌরসভার একজন কার্যসহকারীর দাঁড়িয়ে থেকে কাজ বুঝে নেওয়ার কথা। যেহেতু পৌর কর্তৃপক্ষ কাজ শুরুর বিষয়ে জানে না, তাই কাজের মান খারাপ হওয়াই স্বাভাবিক।