কার্যাদেশ দেওয়ার সাড়ে আট মাসেও যশোর-নড়াইল সড়কের সংস্কারকাজ শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে সড়কটির অবস্থা আরও বেহাল হয়েছে। দেখা দিয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ। এমন সড়কে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।সড়ক ও জনপথ (সওজ) যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, যশোর শহরের মনিহার থেকে নড়াইল বাস টার্মিনাল পর্যন্ত সড়কটি দৈর্ঘ্যে ২৯ কিলোমিটার। এটি সংস্কারের জন্য গত বছরের শুরুর দিকে দরপত্র আহ্বান করা হয়। গত ২৭ জুন ঢাকার সেল-পিএইএল-জেভি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এক বছরের সময়সীমা বেঁধে দিয়ে কার্যাদেশ দেওয়া হয়। এতে ব্যয় ধরা হয় ১১ কোটি ৩৪ লাখ টাকা।সড়কটির সংস্কারকাজের দায়িত্বপ্রাপ্ত সেল-পিএইএল-জেভির প্রকৌশলী আজমল হক সরকার দাবি করেন, সড়কের কাজ অনেক আগেই শুরু হয়েছে। ইতিমধ্যে সংস্কারের মালামাল ও পাথর আনা হয়েছে। বাকি সময়ের মধ্যে কাজ শেষ হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।সময় ক্ষেপণের ব্যাপারে প্রকৌশলী বলেন, জুন-জুলাই—এ দুই মাস বর্ষা ছিল। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠান ও সওজের যৌথ সমীক্ষা চলে। তাতে তিন মাস সময় লাগে। প্রকল্পের টাকা ছাড়েরও তেমন নিশ্চয়তা ছিল না। যার জন্য একটু গড়িমসি হয়েছে।জানা গেছে, সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে গত ডিসেম্বর মাসে যশোর ও নড়াইল বাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন পাঁচ দিনের লাগাতার ধর্মঘট পালন করে। আন্দোলনের মুখে সওজ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ইটের টুকরো ও বালু দিয়ে সড়কের গর্ত ভরাটের চেষ্টা করে। এক মাস যেতে না যেতেই এটি আবার আগের অবস্থায় ফিরে আসে।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, যশোর শহরের মনিহার, নীলগঞ্জ, ঝুমঝুমপুর বটতলা, হামিদপুর, বাউলিয়া, দাইতলাসহ বিভিন্ন স্থানে সড়কের মধ্যে বড় বড় গর্ত। কার্পেটিং উঠে নিচের মাটি বেরিয়ে পড়েছে। যার জন্য সড়কে প্রচুর ধুলা ওড়ে। যাত্রী ও পথচারীদের পোহাতে হয় দুর্ভোগ। অন্যদিকে, অতিরিক্ত সময় যেমন ব্যয় হচ্ছে, তেমনি নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।এ সড়কে যাত্রীবাহী বাসের চালক কামাল শেখ বলেন, ‘রাস্তায় যে কী দুর্ভোগ, সে কথা ভাষায় বলা যাবে না! রাস্তা ভাঙাচোরা হওয়ায় গন্তব্যে পৌঁছানোর সময় ঠিক রাখা যায় না। বছর খানেক আগে যশোর থেকে নড়াইল যাওয়ার জন্য ৪০ মিনিট সময় বেঁধে দেওয়া ছিল। এখন ২০ মিনিট বাড়িয়ে এক ঘণ্টা করা হয়েছে। এ সময়ের মধ্যেও পৌঁছানো যাচ্ছে না। গাড়ির যন্ত্রপাতি কিনতে কিনতে মালিকেরাও শেষ হয়ে যাচ্ছেন।এদিকে কাজ শুরু করতে সওজ বিভাগ থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। ৪ মার্চ একটি চিঠি পাঠানো হয়। সওজ যশোরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল হায়দার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, যশোর-নড়াইল সড়ক সংস্কারের জন্য ৩৬৫ দিন সময় নির্ধারণ করে কার্যাদেশ দেওয়া হয়। ইতিমধ্যে আট মাস পেরিয়ে গেলেও উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি। কাজের অগ্রগতি অত্যন্ত হতাশাব্যঞ্জক। সড়কজুড়ে গর্তের সৃষ্টি হয়েছে। যানবহন চলাচল বিঘ্নিত হচ্ছে। আগামী তিন দিনের মধ্যে কাজ শুরুর জন্য অনুরোধ জানানো হলো। অন্যথায় কার্যাদেশ বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।