কার্যাদেশ দেওয়ার পর এক বছর পেরিয়ে গেলেও রাঙামাটির ভেদভেদি-রাঙাপানি-আসামবস্তি সড়কের আড়াই কিলোমিটার এলাকার সংস্কারকাজ শুরুই হয়নি। আর সংস্কার না হওয়ার ফলে সড়কটি ধীরে ধীরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গত রোববার সরেজমিনে দেখা গেছে, সড়কের আড়াই কিলোমিটার এলাকাজুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও পুরো কার্পেটিং উঠে গেছে। এই সড়ক দিয়ে কয়েকটি গ্রামের শিক্ষার্থী-চাকরিজীবীসহ বিভিন্ন পেশাজীবীর কয়েক হাজার মানুষকে যাতায়াত করতে হয়। স্থানীয় লোকজনের অভিযোগ, সড়কের বিভিন্ন খানাখন্দে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) লোকজন মাঝেমধ্যে মাটি দিয়ে ভরাট করায় যানবাহন চলাচলের সময় প্রচুর ধুলাবালি ওড়ে। এ সময় যাত্রী ও পথচারীদের ধুলায় মাখামাখি হতে হয়।রাঙামাটির একটি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক নন্দ কিশোর চাকমা বলেন, প্রতিদিন ওই সড়কপথে তাঁকে মোটরসাইকেলে শহরের কার্যালয়ে আসা-যাওয়া করতে হয়। এ সময় ধুলাবালিতে অস্বস্তিতে পড়তে হয়। রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কমিশনার ধীরেন্দ্র নাথ চাকমা বলেন, সড়কটি সংস্কারের দাবিতে যানবাহন চলাচল বন্ধ করাসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচির চিন্তাভাবনা চলছে।এ ব্যাপারে এলজিইডির রাঙামাটি নির্বাহী প্রকৌশলী মো. ছোহরাব আলী বলেন, দরপত্র আহ্বানের পর ২০১০ সালের ২৮ ডিসেম্বর কার্যাদেশ দেওয়া হয়। জনৈক অনন্ত বিকাশ ত্রিপুরার নামে যুবলীগের নেতা মুজিবুর রহমান ওই কাজটি নেন। কার্যাদেশ দেওয়ার পর কিছু স্থানে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করা হয়। ওই কাজের জন্য নির্ধারিত দুই কোটি ৭৪ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ের মধ্যে ৩২ লাখ ৮০ হাজার টাকা পরিশোধও করা হয়েছে। এরপর কাজ বন্ধ থাকায় তাঁকে অনেকবার তাগাদা দেওয়া হয়েছে। কিন্তু কাজ হয়নি। ঠিকাদার সরকারি দলের লোক হওয়ায় তাঁর বিরুদ্ধে কিছু করাও যাচ্ছে না। যুবলীগের জাতীয় পরিষদের সদস্য ঠিকাদার মুজিবুর রহমান বলেন, ওই কাজের জন্য অর্থ বরাদ্দ না করায় কাজটি করা যাচ্ছে না। তবে এ ক্ষেত্রে দলের কোনো প্রভাব বিস্তার করা হচ্ছে, এমন অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবি করেন।