কার্যাদেশের ছয় মাস পরও রাস্তার কাজ শুরু হয়নি
জাতীয় মহাসড়ক থেকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন কাটাখালী জিসি ভায়া তেনাপচা আশ্রয়ণকেন্দ্র সড়কের বেহাল দশার কারণে লোকজনকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে ১৮ এপ্রিল কার্যাদেশ দেওয়া হলেও এখনো কাজ শুরু করা হয়নি। এলাকাবাসী ও এলজিইডি সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-খুলনা জাতীয় মহাসড়ক থেকে দেবগ্রাম ইউনিয়নের কাটাখালী জিসি ভায়া তেনাপচা সড়কটি প্রায় ১৪ বছর আগে কার্পেটিংয়ের কাজ হয়। মাঝে বিভিন্ন সময় কোনো রকম সংস্কারকাজ হলেও পুনর্নির্মাণ বা উন্নয়নকাজ আদৌ না হওয়ায় ওই সড়ক চলাচলের অনুপযোগী হয়েছে। এতে প্রতিদিন ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি এলজিইডি সড়কটি মেরামতে দরপত্র আহ্বান করে। ১৮ এপ্রিল স্থানীয় মেসার্স কুটি নির্মাণ সংস্থাকে এক কোটি ৩৮ লাখ ৯১ হাজার ৬১০ টাকায় কার্যাদেশ দেওয়া হয়। ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত কাজ শুরু করেনি ঠিকাদার প্রতিষ্ঠান। স্থানীয় ইউপির চেয়ারম্যান আতর আলী সরদার জানান, প্রতিদিন সড়ক দিয়ে দেবগ্রাম ইউনিয়নের আটটি ওয়ার্ড ও পাশের ছোটভাকলা ইউনিয়নের প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষ যাতায়াত করে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কুটি নির্মাণ সংস্থার কর্ণধার জুলহাস চৌধুরীর মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁর বড় ভাই চৌধুরী ঠিকাদার সালাউদ্দিন চৌধুরী জানান, বর্ষা মৌসুম শুরু হওয়ায় ও জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাওয়ায় কাজ শুরু করতে একটু দেরি হচ্ছে। বর্ষা মৌসুম শেষ হলেই পুরোদমে কাজ শুরু হবে। উপজেলা প্রকৌশলী মো. শামসুল হক প্রথম আলোকে জানান, কাজ শুরু না হওয়ায় ইতিমধ্যে একবার চিঠি দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শুরু করতে বলা হয়েছে। উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী জানান, রাস্তার কাজ শুরু না করায় স্থানীয় জনগণ তাঁকে দোষারোপ করে গালমন্দ করছে। বিষয়টি স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক ও জেলা পরিষদের সমন্বয় সভায় উত্থাপন করা হয়েছে।