কার্যাদেশের দুই মাস পরও কালভার্টের কাজ শুরু হয়নি
কার্যাদেশ দেওয়ার দুই মাস পরও রাজবাড়ী সদর উপজেলার চন্দনী-বেলগাছি সড়কের পশ্চিম চৌবাড়িয়া গ্রামের কালভার্টের কাজ শুরু হয়নি। এতে উপজেলার চন্দনী ইউনিয়নের ১১টি গ্রামের মানুষকে ১২ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সদর উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, চন্দনী-বেলগাছি সড়কটির দৈর্ঘ্য ছয় কিলোমিটার। এ সড়ক দিয়ে চন্দনী, চৌবাড়িয়া, আফড়া, হরিণধারা, ডাউকি, জোকাই, চাঁদপুর, রঘুনাথপুর, দাদপুর, বাসুদেবপুর, বেলগাছি গ্রামের মানুষ চলাচল করে। এলজিইডির উদ্যোগে গত বছরের অক্টোবর মাসে সড়কটি পাকা করার কাজ শেষ হয়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, সড়কটির চন্দনী ইউনিয়নের পশ্চিম চৌবাড়িয়া গ্রামে আগে থেকেই একটি কালভার্ট ছিল। সড়কটি পাকা করা হলেও কালভার্টটি সংস্কার করা হয়নি। এতে সড়ক পাকা করার কয়েক মাস পরই বৃষ্টিতে কালভার্টটি ধসে বড় গর্তের সৃষ্টি হয়। এতে ওই স্থান দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে স্থানীয় লোকজনকে চন্দনী বেইলি সেতু থেকে গান্ধীবাড়ি হয়ে বেলগাছি রেলস্টেশন হয়ে পশ্চিম চৌগাছিয়া গ্রামে আসতে হয়। কালভার্টটি না হওয়ায় কৃষকদের উৎপাদিত পণ্য নিয়ে রাজবাড়ী সদরসহ অন্যান্য হাটবাজারে যেতে সমস্যা হচ্ছে। স্থানীয় জাহিদুল ইসলাম জানান, কালভার্টটি না থাকায় সড়কটি কোনো কাজেই লাগছে না। অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি প্রায় ১২ কিলোমিটার ঘুরে পশ্চিম চৌবাড়িয়া গ্রামে আসে। চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল মালেক শিকদার জানান, এই জায়গাটি একটি মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায় তিন মাস আগে থেকে কাজ শুরু করার কথা বললেও এলজিইডি এখনো কাজ শুরু করেনি। সদর উপজেলা প্রকৌশলী মো. জালাল উদ্দিন শেখ জানান, কালভার্টটি নির্মাণের জন্য তিন লাখ ৯২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এ জন্য আগেই দরপত্র আহ্বান করা হয়েছে। মেসার্স মুস্তাফিজুর রহমান শরিফ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেয়েছে। ৪ মার্চ কার্যাদেশ দেওয়া হয়েছে।ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মুস্তাফিজুর রহমান জানান, নির্মাণসামগ্রী কিনতে দেরি হওয়ায় যথাসময়ে কাজ শুরু করা যায়নি। শিগগিরই কালভার্ট নির্মাণের কাজ শুরু করা হবে।