কার্যাদেশের পর আট মাস পার, হয়নি সড়কের কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট মাস আগে কার্যাদেশ দেওয়া হয়েছে। অথচ সড়কের কাজ এখনো শুরুই করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এদিকে দীর্ঘদিন সংস্কার না করায় কার্পেটিং উঠে গিয়ে সুরকি-খোয়া বেরিয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে অসংখ্য ফাটল ও গর্ত।এটি শেরপুর জেলা শহরের অষ্টমীতলা-নওহাটা খোয়ারপাড় সড়কের চিত্র। শহরের প্রধান এ সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।অষ্টমীতলার বাসিন্দা মোফাজ্জল হোসেন বলেন, সড়কটির অবস্থা এতই করুণ যে এর ওপর দিয়ে সাইকেল চালিয়ে যাওয়া কষ্টকর। রাতে পথচারীদের সাবধানে হাঁটাচলা করতে হয়। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনায় পড়ে পথচারীরা আহত হন।শেরপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, সাড়ে চার কিলোমিটার দীর্ঘ অষ্টমীতলা-নওহাটা খোয়ারপাড় সড়কটি ১৬ ফুট চওড়া। এ সড়কের দুই পাশে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা ও দায়রা জজ আদালত ভবন, পুলিশ সুপারের কার্যালয়, অষ্টমীতলা পৌর কোচ টার্মিনাল, জেলা পুলিশ লাইন, ইউএনওর কার্যালয়, স্টেডিয়াম, পার্ক, শিল্পকলা একাডেমী, একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজারসহ অর্ধশতাধিক সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ও পাঁচ শতাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে।শেরপুর জেলা সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক জহুরুল হক বলেন, ভাঙাচোরা এ সড়ক দিয়ে মুমূর্ষু রোগী আনা-নেওয়া করতে হয়। রোগীর জীবন আরও সংকটাপন্ন হয়ে পড়ে।সওজ সূত্রে জানা গেছে, জরুরি সড়ক মেরামত ও পুনর্বাসন প্রকল্পের আওতায় গত বছরের ৬ জুন প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে সড়কটির সংস্কার ও উন্নয়নের জন্য কার্যাদেশ দেওয়া হয়। আরএসটি-এমবিইএল জেভি নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। চলতি বছরের এপ্রিলের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। কিন্তু কার্যাদেশ দেওয়ার আট মাসেও সড়কের কাজ শুরু হয়নি।জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান আরএসটি-এমবিইএল জেভির প্রতিনিধি নাজমুল ইসলাম বলেন, সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রযুক্তিতে অষ্টমীতলা-নওহাটা সড়কের উন্নয়নকাজ করা হবে। যন্ত্রপাতির সমস্যা থাকায় সড়কের কাজ শুরু করতে দেরি হচ্ছে। বর্তমানে যন্ত্রপাতিগুলো মানিকগঞ্জে রয়েছে। এগুলো শেরপুরে নিয়ে আসা হবে। আগামী মার্চের মধ্যে কাজ শুরু করা সম্ভব হবে বলে জানান তিনি।শেরপুর সওজের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আসলাম আলী প্রথম আলোকে বলেন, সড়কটির কাজ শুরু করতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার তাগিদ দেওয়া হয়েছে। কাজ শুরু করতে ঠিকাদারি প্রতিষ্ঠানের দেরি করার বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।