কার্যাদেশের পর মাস দেড়েক পার হলেও কাজ শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার অন্যতম গুরুত্বপূর্ণ মাধপুর-সাঁথিয়া-বেড়া সড়কটি সংস্কারের জন্য দেড় মাসের বেশি সময় আগে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পাবনা কার্যালয় থেকে কার্যাদেশ দেওয়া হয়েছে। কিন্তু আজও সড়কটির সংস্কারকাজ শুরু হয়নি। চলাচলের অযোগ্য ভাঙা এই সড়কে ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের।
সাঁথিয়ার সুন্দরকান্দি এলাকার করিমনচালক আলমগীর হোসেন বলেন, ‘এই সড়ক দিয়া যাওয়ার সময় পরায়ই (প্রায়ই) গাড়ির কিছু না কিছু ভাইঙা পড়ে। নয়তো অ্যাকসিডিং (অ্যাকসিডেন্ট) হয়। মাস খানেক আগে অ্যাকসিডিং হওয়ায় ১০-১২ দিন ঘরে বইস্যা ছিল্যাম।’
বেড়া উপজেলার মনজুর কাদের মহিলা কলেজের শিক্ষক আবদুল খালেক বলেন, ‘সাঁথিয়ায় আমার বাড়ি। এই পথ দিয়ে যাতায়াতের সময় ভয়ে থাকি কখন না জানি কী হয়।’
পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি রইজউদ্দিন বলেন, ‘মাধপুর-সাঁথিয়া-বেড়া সড়কে যাতায়াতকারী অন্তত ৭৫ ভাগ যানবাহনের চলাচল বন্ধ হয়ে গেছে। এসব যানবাহন ২০ কিলোমিটার বেশি ঘুরে কাশীনাথপুর হয়ে চলাচল করছে। সড়কটি সংস্কারের কার্যাদেশ দেওয়া সত্ত্বেও কাজ শুরু না হওয়ার বিষয়টি দুঃখজনক।’ ২২ কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়কটি পাবনা-ঢাকা মহাসড়কের মাধপুর থেকে সাঁথিয়া হয়ে মহাসড়কের বেড়া বাসস্ট্যান্ডে এসে মিশেছে। অনেকের কাছেই এটি মিনি বিশ্বরোড নামে পরিচিত। বেড়া থেকে এই সড়কপথে পাবনার দূরত্ব ৪০ কিলোমিটার। অন্যদিকে পাবনা-ঢাকা মহাসড়ক ধরে বেড়া থেকে কাশীনাথপুর হয়ে পাবনার দূরত্ব ৬০ কিলোমিটার। ২০ কিলোমিটার দূরত্ব কম হওয়ায় পাবনা থেকে বেড়া, ঢাকা, বগুড়াসহ বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য এ সড়কটি তুলনামূলক বেশি ব্যবহার হয়ে আসছিল। এ ছাড়া এই সড়কটিই দেশের বিভিন্ন স্থানে সাঁথিয়া উপজেলাবাসীর যাতায়াতের একমাত্র ভরসা।
পাবনা সওজ কার্যালয় সূত্রে জানা যায়, সড়ক সংস্কারের দরপত্র আহ্বান করা হলে মীর হাবিবুল আলম নামের এক ঠিকাদার কাজটি পান। গত ২৯ মার্চ সওজ তাঁকে কাজটি করার কার্যাদেশ দেয়। কিন্তু এখনো কাজটি শুরু করা হয়নি।
সওজের পাবনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার বলেন, ‘যত দিন গড়াচ্ছে সড়কটির অবস্থা আরও খারাপ হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদার ও তাঁর লোকজনকে আমরা তাগিদ দিয়ে যাচ্ছি। তাঁরা খুব শিগগিরই কাজ শুরু করবেন বলে জানিয়েছেন।’
সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতিনিধি শরীফ প্রধান বলেন, ‘সড়কের কাজ শুরুর জন্য ইতিমধ্যেই আমরা মাঠে নেমে পড়েছি। তবে মালামাল সংগ্রহ ও প্রস্তুতির জন্য আমাদের কিছুটা সময় লাগছে।’