কার্যাদেশের পাঁচ মাসেও ব্লক নির্মাণ শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদরের উত্তরে মেঘনার তীর সংরক্ষণে ব্লক দিয়ে বাঁধ নির্মাণে পাঁচ মাস আগে কার্যাদেশ দেয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এখন পর্যন্ত ব্লক নির্মাণ শুরুই হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, বরাদ্দের অভাবে তারা কাজ শুরু করতে পারছে না।

সদরের পূর্ব ইলিশা ও রাজাপুর—দুই ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন ভূমি কার্যালয় ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সূত্রে জানা গেছে, ২০১৫ ও ২০১৬ সালে পূর্ব ইলিশা ও রাজাপুর ইউনিয়নের ছয়টি মৌজার প্রায় ৩ হাজার ৫০০ একর জমি মেঘনা নদীতে বিলীন হয়। এ ছাড়া জোয়ারে আরও ১ হাজার একর জমির ফসল, রাস্তাঘাট নষ্ট হয়েছে। ওই জমিও বর্ষায় আবাদযোগ্য ছিল না। বিলীন হওয়া জমিতে প্রায় আট হাজার মানুষের বসবাস ও আবাদ ছিল।

৪ জানুয়ারি পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ও ইলিশা মৌজা এবং রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর, রামদাসপুর ও সুলতানি মৌজা ঘুরে দেখা যায়, চার ভাগের তিন ভাগ জমি ভাঙনে বিলীন হয়ে গেছে। বাকি এক ভাগেও কোনো ফসল নেই। এখনো ভাঙন অব্যাহত রয়েছে।

সরেজমিনে দেখা যায়, ব্লক নির্মাণের জন্য কার্যক্ষেত্রের উন্নয়ন করা হয়েছে। পাথর, সিমেন্ট ও বালু আনা হয়েছে। কিছু যন্ত্র এনে বসানো হলেও কাজের কোনো অগ্রগতি নেই।

স্থানীয় বাসিন্দা আইনজীবী মনিরুল ইসলাম বলেন, এই শীতে ব্লক না ফেলে তীর সংরক্ষণ করা হলে জেলার গুরুত্বপূর্ণ অঞ্চল রাজাপুর ও ইলিশা ইউনিয়ন মেঘনায় বিলীন হবে। তখন ভোলা সদরও হুমকির মুখে পড়বে।

রাজাপুর ইউপির চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী বলেন, একটি ব্লক জমাটবদ্ধ হতে ২৮ দিন লাগে। তারপর মূল্যায়ন, বসানো ইত্যাদি মিলিয়ে দুই মাস দরকার। অথচ ফেব্রুয়ারি-মার্চে মেঘনার পানি বাড়বে। তখন ভাঙনের মুখে পড়বে লোকালয়। এ চিন্তায় হতাশায় দিন কাটাচ্ছে এলাকার মানুষ।

দক্ষিণ রাজাপুর গ্রামের কৃষক মো. জসিম উদ্দিন বলেন, নদীর পারের মানুষ শীতে জমি লগ্নি নিয়ে আগাম করলা, চিচিঙ্গা, শসা, ক্ষীরা, তরমুজ, মরিচ, বেগুন, বরবটি, শিমসহ নানা রকম সবজির আবাদ করেছেন। ছয় মাস আবাদ করে লব্ধ আয় দিয়ে সংসার চালাতেন। সেই জমিতে এ বছর ব্লকের কাজ হবে বলে ফসল আবাদ করেননি কৃষকেরা। সেখানে ক্লক তৈরির জন্য বালু ফেলে ভরাট করা হয়েছে। কিন্তু ব্লক তৈরির কাজ শুরু হয়নি।

দক্ষিণ রাজাপুরের আবদুল মালেক বলেন, তাঁদের বাড়িঘর, পুকুরসহ নয় একর জমি মেঘনায় বিলীন হয়েছে। এক একর জমি বছরে ৮০ হাজার টাকায় কৃষকদের লগ্নি দেওয়া হতো। এখন ব্লকও হচ্ছে না, চাষাবাদও করা যাচ্ছে না।

দক্ষিণ রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি তাজুল ইসলাম বলেন, ভাঙনের শিকার তাঁর বিদ্যালয়টি এখনো চালু হয়নি। গত দুই বছরে ভাঙনে ২০টি শিক্ষা ও ধর্মীয়প্রতিষ্ঠান মেঘনায় বিলীন হয়েছে। পাঁচটি মাছঘাট, একটি ফেরিঘাট, একটি লঞ্চঘাটসহ কয়েকটি বাজারও বিলীন হয়েছে।

রাজাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদ রানা বলেন, তাঁর ওয়ার্ডের অনেক কাঁচা-পাকা সড়ক নষ্ট হয়েছে। একই ধরনের কথা বলেন ‘উত্তর ভোলা বাঁচাও আন্দোলন কমিটি’র আহ্বায়ক মো. সাঈদ আলী।

ঠিকাদারি প্রতিষ্ঠান ইনফ্যাক্ট কনস্ট্রাকশন লিমিটেডের প্রকল্প কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, গত ২৪ আগস্ট কার্যাদেশ মিললেও এ মুহূর্তে ২০০ কোটি টাকা বরাদ্দ হলে ঠিকাদার দ্রুত কাজ করতে পারতেন। কিন্তু ৩৪৬ কোটি ৭৪ লাখ টাকার মধ্যে বরাদ্দ আছে মাত্র ২৫ কোটি টাকা। এ কারণে কাজ করতে বিলম্ব হচ্ছে।

ভোলার জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন ও পাউবোর নির্বাহী প্রকৌশলী বাবুল আক্তার অর্থসংকটের কথা স্বীকার করে বলেন, ‘ঠিকাদারকে বারবার নোটিশ দেওয়ার পর ৬ জানুয়ারি ব্লক নির্মাণের জন্য ৪০টি মেশিন (যন্ত্র) বসিয়েছেন। আশা করা যায়, বর্ষা মৌসুমের আগেই মেঘনার তীর সংরক্ষণ করা হবে।’