সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দারিয়াপুর জিসিসি ভায়া রতনকান্দি হাট সড়কের নির্মাণকাজ অনিশ্চিত হয়ে পড়েছে। কার্যাদেশে বেঁধে দেওয়া সময়সীমা পার হয়ে গেলেও ঠিকাদার এখন পর্যন্ত কাজ শুরুই করেননি। ফলে এই সড়কের আশপাশের ২৫টি গ্রামের বাসিন্দাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
রতনকান্দি গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, এই সড়কটি এলাকার জন্য অতি গুরুত্বপূর্ণ। এই সড়ক দিয়ে রূপবাটি, গালা, হাবিবুল্লাহ নগর ও পোরজনা (আংশিক) ইউনিয়নের প্রায় ২৫টি গ্রামের ১০ থেকে ১২ হাজার লোক যাতায়াত করেন। সড়কটি ইউনিয়নগুলোর সঙ্গে উপজেলা সদরের যোগাযোগের একমাত্র পথ। এটি ভেঙে যাওয়ায় এলাকার কৃষকেরা উৎপাদিত খাদ্যশস্য পরিবহন করতে পারছেন না। একমাত্র বর্ষার সময়ে কৃষিপণ্য নৌকাযোগে বাজারে বিক্রি করার সুযোগ পাওয়া যায়।
এলাকাবাসী অভিযোগ করেন, ঠিকাদার কাজ পাওয়ার পর তাঁকে এক দিনের জন্যও এলাকায় দেখা যায়নি। এ বিষয়ে একাধিকবার উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হলেও তাঁরাও কোনো পদক্ষেপ নেননি।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, ২০১৩ সালে স্থানীয় সরকার বিভাগের গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট এবং অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দেশের উত্তর-পশ্চিম অঞ্চলের উপজেলাগুলোর উন্নয়নে ১ দশমিক ১৭ কিলোমিটার দৈর্ঘ্যের ওই সড়কটি নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। গাইবান্ধার মেসার্স বাবলা মিয়া কনস্ট্রাকশন লিমিটেড ২০১৪ সালের ২ জুলাই ১ কোটি ১৫ লাখ টাকা ব্যয় সাপেক্ষে সড়কটি নির্মাণের কার্যাদেশ পায়। নিয়মানুযায়ী কার্যাদেশ পাওয়ার পর চলতি বছরের ৩০ জুলাই কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পার হলেও সংশ্লিষ্ট ঠিকাদার ওই সড়কের নির্মাণকাজ শুরুই করেননি। এমনকি সড়কের জন্য কোনো নির্মাণসামগ্রীও আনা হয়নি। কাজ শুরু না করায় প্রকৌশল বিভাগ থেকে বারবার চিঠি দিলেও ঠিকাদার তাতে কোনো ভ্রুক্ষেপই করছেন না।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সড়কের জায়গা কাঁচা অবস্থায় রয়েছে। অধিকাংশ স্থানে মাটি ধসে গর্তের সৃষ্টি হয়েছে। সেখান দিয়ে যানবাহন চলাচল দূরের কথা, হেঁটে চলাই কষ্টসাধ্য হয়ে পড়েছে।
এ বিষয়ে জানতে ঠিকাদার মো. বাবলা মিয়াকে ১০-১২ বার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
শাহজাদপুর উপজেলা প্রকৌশলী বাবুল চন্দ্র কির্ত্তনীয়া বলেন, গুরুত্বপূর্ণ এই সড়কের নির্মাণকাজ শুরু করার জন্য ঠিকাদারকে গত ১৫ মাসে প্রায় অর্ধশত চিঠি দেওয়া হয়েছে। তাঁকে এলাকায় আসার জন্য ফোনেও অনেকবার বলা হয়েছে। তাঁর পক্ষ থেকে কোনো যোগাযোগ না করায় এবং নির্মাণকাজের সময় অনেক আগেই শেষ হয়ে যাওয়ায় কার্যাদেশ বাতিল করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। এখন কার্যাদেশ বাতিলের অনুমতি পাওয়া গেলে আবার নতুন করে দরপত্র আহ্বান করা হবে।