কার্যাদেশের সাত মাসেও নির্মাণকাজ শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়ার পর সাত মাস পেরিয়ে গেলেও বাগেরহাটের মংলা উপজেলার মিঠেখালী ইউনিয়নের টাটিবুনিয়া-মিঠেখালী বাজার সড়কের সংযোগ সেতুটির নির্মাণকাজ শুরু করা হয়নি।সেখানে আগের কাঠের সেতুটি ভেঙে অস্থায়ী আরেকটি কাঠের সাঁকো নির্মাণ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। পরের সাঁকোটি সরু হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে ওই ইউনিয়নের ১০টি গ্রামের ১০ হাজারেরও বেশি মানুষ।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় থেকে জানা গেছে, মিঠেখালী ইউনিয়নের মিঠেখালী বাজারের কাছে টাটিবুনিয়ায় মৌখালি খালের ওপর কাঠের সেতুর স্থলে ১৫ মিটার দৈর্ঘ্যের একটি পাকা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। ২০১২ সালের আগস্টে এক কোটি এক লাখ ৫৮ হাজার টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের কার্যাদেশ পায় মংলার ভাই ভাই এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ অনুযায়ী এক বছরের মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ করার কথা। ওই প্রতিষ্ঠানটি গত অক্টোবরে আগের কাঠের সেতুটি ভেঙে তার পাশে অপ্রশস্ত একটি ছোট কাঠের সাঁকো তৈরি করে দেয়। সেতু নির্মাণের জন্য কিছু পাথর এবং রডও এনে রাখা হয়। কিন্তু এখন পর্যন্ত সেতুর নির্মাণকাজ শুরুই হয়নি।সরেজমিনে দেখা গেছে, পথচারী পারাপারের জন্য ঠিকাদারের নির্মাণ করা অস্থায়ী কাঠের সাঁকোটি অত্যন্ত অপ্রশস্ত। আবার সেতুর উভয় পাশে পাথর রেখে দেওয়ায় পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। কমিউনিস্ট পার্টি মংলার সাধারণ সম্পাদক নাজির উদ্দিন বলেন, বাগেরহাট সদরে যাতায়াতের জন্য ইউনিয়নের ১০টি গ্রামের ১০ হাজারের বেশি মানুষ কাঠের সেতুটি ব্যবহার করতেন। সেটি ভেঙে ফেলায় তাঁরা দুর্ভোগের শিকার হচ্ছেন। পাশাপাশি কার্যাদেশ পাওয়ার এত দিন পরও নির্মাণকাজ শুরু না হওয়ায় যথাসময়ে সেতুটি নির্মিত হবে কি না তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। মৌখালি গ্রামের বাসিন্দা শিপ্রা দত্ত বলেন, ‘আমাদের এলাকায় খাবার পানির তীব্র সংকট। সেতু না থাকার কারণে পুকুর থেকে পানি আনতে আমাদের খুব কষ্ট পেতে হচ্ছে।’ সোনাখালী গ্রামের হেমায়েত বলেন, ‘অসুস্থ কোনো রোগীকে নিয়ে অপ্রশস্ত এই সাঁকো পার হওয়া কোনোভাবেই সম্ভব হয় না।’এত দিনেও সেতুর কাজ শুরু না করার কারণ জানতে চাইলে ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক ইউছুব মিঝি বলেন, তাঁর প্রতিষ্ঠান মংলা উপজেলায় আরও তিনটি সেতু নির্মাণের কাজ পেয়েছে। এ কারণে এই সেতুটির নির্মাণকাজ শুরু করতে একটু দেরি হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে তিনি এ সেতুর নির্মাণকাজ শুরু করবেন।উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, ‘সেতুটি দ্রুত নির্মাণের জন্য আমরা ঠিকাদারকে তাগাদা দিয়ে যাচ্ছি। আশা করছি খুব শিগগিরই কাজ শুরু হবে।’