পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা বিএনপি, এর অঙ্গ সংগঠনগুলোর নেতা-কর্মীদের বিভক্তিতে উপজেলায় দলটির কার্যক্রম থমকে গেছে। এ অবস্থায় উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি দিয়ে পদ ছাড়তে বলেছে জেলা কমিটি।
জেলা ও উপজেলা বিএনপির কয়েকজন নেতা জানান, ২০০৯ সালে চরখালীতে জেলা বিএনপির নেতাদের উপস্থিতিতে ভান্ডারিয়া উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সোহেল মঞ্জুরকে সভাপতি, জালাল সিকদারকে জ্যেষ্ঠ সহসভাপতি ও মহিউদ্দিন খানকে সাধারণ সম্পাদক করে কমিটি করা হয়। একই সময়ে ভান্ডারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাল্টা সম্মেলন করেন সাবেক উপজেলা সাধারণ সম্পাদক আতিকুর রহমান। তিনি নিজেকে সভাপতি ও আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি করেন। ২০১০ সালে আবার জেলা নেতারা ঢাকায় বসে ২০০৯ সালে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক মহিউদ্দিনকে বাদ দিয়ে নতুন কমিটি করেন। এতে সোহেল মঞ্জুরকে সভাপতি, জালাল সিকদারকে জ্যেষ্ঠ সহসভাপতি, আতিকুর রহমানকে সাধারণ সম্পাদক ও আলমগীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়। এরপরই মূলত উপজেলা বিএনপি বিভক্ত হয়ে পড়ে। সোহেল মঞ্জুর ভান্ডারিয়া শহরের মজা পুকুরের পূর্ব পাশে এবং মহিউদ্দিন পশ্চিম পাশে কার্যালয় খুলে বসেন। এর কিছুদিন পর শহরের বাসস্ট্যান্ড এলাকায় সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আরেকটি কার্যালয় খোলেন। আর যুব দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা এ তিন কার্যালয়কে ঘিরে তিন ভাগে বিভক্ত হয়ে পড়েন।
উপজেলা বিএনপির কয়েকজন নেতা বলেন, ভান্ডারিয়ায় বিএনপির তিনটি কার্যালয় থাকলেও তেমন কোনো সাংগঠনিক কার্যক্রম নেই। ২০-দলীয় জোটের টানা অবরোধ-হরতালে এখানে জ্যেষ্ঠ নেতাদের পাশে না পেয়ে হতাশ সাধারণ নেতা-কর্মীরা। ২০১৪ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভান্ডারিয়ায় আসেন। তখন দুই পক্ষের কোন্দলে ফিরে যেতে বাধ্য হন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতা-কর্মী অবশ্য উপজেলা বিএনপির এই কোন্দলের জন্য জেলা বিএনপির সভাপতি গাজী নূরুজ্জামানকে দায়ী করেছেন। তাঁরা বলেন, গাজী নূরুজ্জামান নিজের ইচ্ছামতো একেক সময় একেক জনকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে কমিটি করেছেন। এসব কমিটির কারণেই দলে আজ এত বিভক্তি।
জেলা নেতা গাজী নূরুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, সোহেল-আতিকুর দলীয় কর্মসূচিতে অংশ না নেওয়ায় তাঁদের দলীয় পদ ছাড়তে সম্প্রতি চিঠি দেওয়া হয়েছে। শিগগিরই ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি করা হবে। তবে নির্বাচিত কমিটির নেতাদের বাদ দিয়ে নতুন কমিটি করার বিষয়টি তিনি এড়িয়ে যান।
উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জালাল শিকদার বলেন, ‘কাউন্সিলরদের অংশগ্রহণে ২০০৯ সালে উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন হয়। এরপর রাজধানী ঢাকার একটি হোটেলে বসে একটি পকেট কমিটি করা হলেও তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সভাপতি সোহেল মঞ্জুর ঢাকাতেই থাকেন। তিনি উপজেলায় দলের কার্যক্রমে অংশ নেন না। মাঝেমধ্যে হঠাৎ এলাকায় এসে কিছু টাকাপয়সা বিলিয়ে চলে যান।’
উপজেলা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান বলেন, ‘নবম সংসদ নির্বাচনে দলীয় কার্যক্রম আমার কার্যালয় থেকে পরিচালিত হয়েছে। এখনো উপজেলার যাবতীয় দলীয় কার্যক্রম এখান থেকে পরিচালিত হচ্ছে। ২০০৯ সালের সম্মেলনে কাউন্সিলরদের ভোটে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হই। অথচ আমাকে বাদ দিয়ে পকেট কমিটি করা হয়। তাই আমি নেতা-কর্মীদের নিয়ে আমার কার্যালয় থেকে দলীয় কার্যক্রম চালাচ্ছি।’
তবে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনের ক্ষোভ একটু ভিন্ন জায়গায়। তিনি বলেন, ‘সোহেল মঞ্জুর ও তাঁর বাবা সাবেক মন্ত্রী নূরুল ইসলাম মঞ্জুর ঢাকাতেই থাকেন। শুধু নির্বাচন এলেই বাবা-ছেলে এলাকায় আসেন। নূরুল ইসলাম মঞ্জুর নবম জাতীয় সংসদ নির্বাচনে এখান থেকে বিএনপির প্রার্থী হন। কিন্তু এলাকাবাসী তাঁকে ভোট না দেওয়ায় তিনি পরাজিত হন। অথচ দোষ হয় আমাদের। তাই আমি দলীয় স্বার্থে নেতা-কর্মীদের নিয়ে আলাদা কার্যালয় করেছি।’
সোহেল মঞ্জুর ঢাকায় বসবাসের কথা স্বীকার করে বলেন, ‘আমার ঢাকায় ব্যবসা থাকায় সব সময় এলাকায় থাকা সম্ভব হয় না। তবে এলাকায় যাওয়া-আসা করি।’