কার্যালয় থাকতেও অন্যত্র কাজ করেন চেয়ারম্যানরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদের (ইউপি) নিজস্ব ভবন থাকা সত্ত্বেও সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পাঁচ ইউপির চেয়ারম্যানরা তাঁদের বাড়িতে বা ভাড়া ভবনে কাজ করছেন। ফলে ইউনিয়নবাসী সময়মতো সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।
কাজীপুর উপজেলায় ১২টি ইউপির ৮টিতে পাকা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন আছে। শুভগাছা, মনসুরনগর, নিশ্চিন্তপুর, চরগিরিশ, গান্ধাইলের চেয়ারম্যানরা ইউপির নিজস্ব ভবনে কাজ করছেন না।
শুভগাছা ইউনিয়নের ১০ জন বাসিন্দা বলেন, চেয়ারম্যান থাকেন সিরাজগঞ্জ শহরে। ভাঙনের হাত থেকে পাকা কমপ্লেক্স ভবনটি টিকে থাকলেও তিনি আসেন না। ইউপির সচিব মাসুদ রানা বলেন, ‘চেয়ারম্যান শহরে বাস করায় শুধু আমি নিজেই এখানে অফিস করছি। স্বাক্ষরের প্রয়োজন হলে তাঁর কাছে যাই। তিনি মাঝেমধ্যে আসেন।’
মনসুরনগর ইউপির চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, বাড়ি থেকে দূরত্ব বেশি হওয়ায় পরিষদ কার্যালয়ে অফিস করা সম্ভব হয় না। গান্ধাইল ইউপির চেয়ারম্যান আবদুল বারেক বলেন, বাড়িতে সকাল-বিকেল অফিস চালানো হচ্ছে। তবে মাঝেমধ্যে ভবনে যান।
নিশ্চিন্তপুর ইউপির চেয়ারম্যান আবদুল মালেক তরফদার বলেন, যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ায় কমপ্লেক্স ভবনে অফিস করা সম্ভব হয় না। চরগিরিশ ইউপির চেয়ারম্যান জিয়াউল হক বলেন, নদী পারাপারের অসুবিধার জন্য পশ্চিম পারে কার্যালয় স্থাপন করা হয়েছে।
এ পাঁচ ইউপির বেশ কয়েকজন বাসিন্দা বলেন, এই জনপ্রতিনিধিরা নির্বাচন এলেই শুধু এলাকার মানুষের কাছে ভোট চাইতে আসেন। ভোট চলে গেলে কাউকে আর খুঁজে পাওয়া যায় না। সে কারণে ভোট দিয়ে তাঁদের লাভ কী? কাজীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বলেন, দূরত্ব ও অবস্থানগত কারণে চেয়ারম্যানরা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে অফিস করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তবে সবাইকে নির্দিষ্ট স্থানের ভবনেই অফিস করতে হবে।