কার্যালয় স্থানান্তরের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার কার্যালয় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙামাটির সিভিল সার্জন স্নেহ কান্তি চাকমা। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙামাটির জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজুল ইসলাম, পৌরসভার মেয়র মো. আলমগীর কবির।

আলোচনা শেষে পৌরসভার কার্যালয় স্থানান্তর ও জায়গা নির্ধারণের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন ইউএনও মো. তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, পৌরসভার প্যানেল মেয়র মো. আবদুল শুক্কুর মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. জমির হোসেন ও স্থানীয় প্রেসক্লাবের উপদেষ্টা মো. গিয়াস উদ্দিন।

২০০৪ সালে বাঘাইছড়ি পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি ভবনে এর কার্যক্রম চলছে।

সূত্র জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সের এক একর জমি বরাদ্দ চায় পৌরসভা। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা এতে আপত্তি জানান। এর পরিপ্রেক্ষিতে গতকাল জরুরি আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূয়েন খীসা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স এখন ৩১ শয্যার। ভবিষ্যতে ৫০ কিংবা ১০০ শয্যা হতে পারে। তখন জায়গা হবে না। তা ছাড়া দিন দিন পৌরসভারও পরিধি বাড়বে। তিনি বলেন, এর আগে বেশ কয়েকবার পৌরসভার দরপত্র নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে গোলযোগ হলে রোগীদের সমস্যা হয়।

সিভির সার্জন স্নেহ কান্তি চাকমা প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের জায়গা থেকে পৌরসভা কার্যালয় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

পৌর মেয়র মো. আলমগীর কবির বলেন, ১২ বছর হয়ে যাচ্ছে, কিন্তু এখনো পৌরসভার নিজস্ব কোনো কার্যালয় নেই। সে জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের খাসজমির অংশ থেকে তাঁরা এক একর জমি চেয়েছিলেন।

ইউএনও মো. তাজুল ইসলাম বলেন, গঠিত কমিটি পৌরসভা কার্যালয়ের জন্য খাসজমি খুঁজে বের করবে।