কার্যালয়ে ঢুকতে নেতা-কর্মীরা বাধা পাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে দলীয় নেতা-কর্মীদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শনিবার সন্ধ্যায় তিনি প্রথম আলোকে বলেন, ঈদের পর থেকেই কার্যালয়ের সামনে এবং আশপাশের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে দলের নেতা-কর্মীদের বাধা দিচ্ছে পুলিশ। অনেককে কার্যালয়ের বাইরে থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান তিনি।
বিএনপির কার্যালয়ের আশপাশে কাকরাইল, ফকিরাপুল ও পুরানা পল্টনের মোড়ে গতকালও পুলিশের প্রহরা ছিল।
ঈদের পর রাস্তায় তেমন ভিড় নেই। বিভিন্ন মোড়ে বিশেষ করে রিকশায় চলাচলকারীদের থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। বিএনপির কার্যালয়ের সামনে সাদা রঙের একটি মাইক্রোবাস ও প্রিজন ভ্যান দেখা গেছে। কাকরাইল মোড়ে পুলিশের একটি সাঁজোয়া যান মোতায়েন ছিল।