কার্যালয়ে নয় হাজিরা খাতায় উপস্থিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অফিস নিয়মিত করেন না। কিন্তু খাতা-কলমে তিনি নিয়মিত। কারণ হাজিরা খাতায় তিনি অগ্রিম স্বাক্ষর করে রাখেন। মেহেরপুরের মুজিবনগর উপজেলা পল্লী উন্নয়নের এক কর্মকর্তা যোগদানের পর থেকে এ কাজ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ প্রসঙ্গে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান ইমাম গতকাল বুধবার মুঠোফোনে বলেন, দপ্তর প্রধান হিসেবে এটা দোষের কিছু না। এই অধিকার তাঁর আছে।
সরেজমিনে গত মঙ্গলবার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অধীন উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ে গিয়ে ওই কর্মকর্তাকে পাওয়া যায়নি। হাজিরা খাতায় দেখা যায়, ওই কর্মকর্তা ২৬ আগস্ট পর্যন্ত উপস্থিতির স্বাক্ষর করে রেখেছেন।
নাম প্রকাশ না করার শর্তে কার্যালয়ের একাধিক কর্মচারী অভিযোগ করেন, এক বছর আগে যোগদান করেন হাসান ইমাম। এরপর থেকে কোনো ধরনের ছুটি নেওয়া ছাড়াই তিনি মাঝেমধ্যে ব্যক্তিগত কাজে বাইরে যান। কয়েক দিন ধরে তিনি কার্যালয়ে আসছেন না। ফলে অফিসের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
ওই দিনই মুঠোফোনে হাসান ইমামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পারিবারিক কাজে তিনি এখন রাজশাহীতে। কর্মস্থলে ফিরতে দেরি হতে পারে। ছুটি ছাড়াই কর্মস্থল ত্যাগ এবং হাজিরা খাতায় অগ্রিম উপস্থিতি স্বাক্ষর বিষয়ে প্রশ্ন করলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। গতকাল যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি এখন মুজিবনগর কার্যালয়ে আছেন।