কার্যালয়, রেস্টহাউস বিলীন
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রেস্টহাউস ও রেঞ্জ কার্যালয় খোলপেটুয়া নদীর গর্ভে চলে গেছে। জোয়ারের পানির চাপে গত শনিবার এ ঘটনা ঘটে। নদীতে এখনো প্রবল স্রোত থাকায় ৫০০ ফুট এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এতে সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা ও কর্মচারীদের থাকার দুটি ব্যারাকসহ পানি উন্নয়ন বোর্ডের বাঁধ হুমকির মুখে পড়েছে। এখনই ভাঙন ঠেকানোর ব্যবস্থা না নিলে পাউবোর ওই বাঁধ ভেঙে ১০টি গ্রাম ও কয়েক হাজার বিঘা চিংড়ির ঘের ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনে কর্মরত নৌকাচালক ইউনুস আলী ও আব্দুর রাজ্জাক জানান, ১৯৭৫ সালে খোলপেটুয়া নদীর তীর থেকে প্রায় এক হাজার গজ দূরে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে সাতক্ষীরা রেঞ্জ কার্যালয়ের জন্য কাঠের তৈরি একটি টিনের ঘর নির্মাণ করা হয়। এ কার্যালয়েই বুড়িগোয়ালিনী স্টেশনের কার্যক্রম চলে। পরের বছর একটি পাকা রেস্টহাউসসহ কর্মচারী ও কর্মকর্তাদের থাকার জন্য চারটি ব্যারাক (টিনের ঘর) তৈরি করা হয়। ছয় মাস আগে সাতক্ষীরা রেঞ্জ কার্যালয়সংলগ্ন এলাকায় ভাঙন শুরু হয়। গত এক মাস আগে এ ভাঙন প্রবল আকার ধারণ করে। বুড়িগোয়ালিনী স্টেশনের বনপ্রহরী গোলাম সরোয়ার জানান, এ এলাকায় কয়েক দিন ধরে খোলপেটুয়া নদীর জোয়ারের পানির চাপে ভাঙন বেড়ে গিয়েছিল। গত শনিবার ভোররাতে রেস্টহাউসের ভবন নদীগর্ভে বিলীন হয়ে যায়। সকাল ১০টার দিকে সাতক্ষীরা রেঞ্জ কার্যালয়ের একাংশ নদীতে চলে যায়। বিকেল চারটায় বাকি অংশ নদীতে চলে গেছে। সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, পরিস্থিতির ভয়াবহতা অনুমান করে কয়েক দিন আগেই ওই দুটি ব্যারাকে বসবাসরত কর্মচারীদের পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান বলেন, ‘ভাঙন রোধ করা না গেলে পাউবোর বাঁধ ভেঙে নীলডুমুর ৭ বর্ডার গার্ডস বাংলাদেশ ব্যাটালিয়নের হেডকোয়ার্টারসহ এ ইউনিয়নের বুড়িগোয়ালিনী, ভামিয়া, পোড়াকাটলা, দুর্গাবাটিসহ কমপক্ষে ১০টি গ্রাম প্লাবিত হবে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক তৌফিকুল ইসলাম জানান, নদীভাঙনের বিষয়টি প্রায় বছরখানেক আগে পাউবো-১-এর নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাতক্ষীরা জেলা প্রশাসককে জানানো হয়। সর্বশেষ এক মাস আগেও তাঁদের বিষয়টি জানানো হয়। সাতক্ষীরা পাউবোর-১-এর নির্বাহী প্রকৌশলী মুজিবর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। পাউবোর শ্যামনগরের উপসহকারী প্রকৌশলী শশাঙ্ক কীর্তনিয়া বলেন, ‘ওই এলাকার ভাঙন ঠেকানোর জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। বিষয়টি আমরা ঘূর্ণিঝড় আইলাসংক্রান্ত কয়েকটি প্রকল্পে অন্তর্ভুক্ত করে ঢাকার সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি। নির্বাহী প্রকৌশলী ঢাকায় গেছেন। তিনি এলে আবার জরুরি ফান্ড চেয়ে চিঠি দেওয়া হবে। বর্তমানে কোনো আপৎকালীন জরুরি ফান্ড না থাকায় কাজ করা যাচ্ছে না।’ এখনো পাউবোর বাঁধ নদী থেকে ১৫০ গজ দূরে আছে দাবি করে তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ, এখনই পাউবোর বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা নেই।