কার্যালয় ও আবাসিক ভবনে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া সরকারি খাদ্য গুদামের কার্যালয়ের ভবন ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনের (কোয়ার্টার) বিভিন্ন স্থানে ফাটল সৃষ্টি হয়েছে। খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, ১৯৭২ সালে তালোড়া সরকারি গুদামটি নির্মাণ করা হয়। এখানে সাড়ে ছয় হাজার মেট্রিক টন খাদ্যশস্য রাখা যায়। গুদাম পরিচালনা ও তদারকির জন্য একই সময়ে একটি কার্যালয় ভবন এবং কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য পাঁচটি আবাসিক একতলা ভবন নির্মাণ করা হয়। প্রতিষ্ঠার ১০ বছর পর ১৯৮২ সালে এ ভবনগুলোতে সংস্কার কাজ করা হয়। এরপর আর কোনো সংস্কারের কাজ হয়নি। ২১ মে সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের ভবনের বারান্দার মেঝে ও পিলারে বড় ধরনের ফাটল ধরেছে। দেয়ালের পলেস্তারা খসে পড়ছে, রড বের হয়ে গেছে। আবাসিক ভবনের দেয়াল ও মেঝেতে ফাটল ধরেছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল কাদির জানান, তালোড়া খাদ্য গুদামের কার্যালয় এবং আবাসিক ভবন সংস্কারের কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে। তবে খাদ্য বিভাগের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শন উন্নয়ন ও কারিগরি শাখার আঞ্চলিক রক্ষণাবেক্ষণ কর্মকর্তা আবু তাহের বলেন, ‘তালোড়া খাদ্য গুদামের অফিস ভবন ও স্টাফ কোয়ার্টার মেরামতের জন্য বরাদ্দ চেয়ে বেশ কয়েকবার ঢাকা অফিসে চিঠি পাঠিয়েছি। কিন্তু বরাদ্দ না আসলে দরপত্র হবে কীভাবে।’