কার্যালয় খোঁজা হচ্ছে উত্তর ঢাকার জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাকে ভেঙে উত্তর ও দক্ষিণ নামে দুটি সিটি করপোরেশন করার কাজটি দ্রুত করে ফেলতে চায় সরকার। এ-সংক্রান্ত আইন পাস হওয়ার সঙ্গে সঙ্গেই দুই সিটির কার্যালয়ও দ্রুত আলাদা করার পরিকল্পনা করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।এ জন্য ঢাকা দক্ষিণের কার্যালয় বর্তমান নগর ভবনে রেখে অস্থায়ীভাবে উত্তরের কার্যালয় বনানী কমিউনিটি সেন্টার অথবা গুলশানে মেয়রের বাসভবনে করার পরিকল্পনা করা হয়েছে। গত শনিবার উত্তরের কার্যালয়ের সম্ভাব্য জায়গাও দেখে এসেছেন কর্মকর্তারা।জানতে চাইলে স্থানীয় সরকারসচিব আবু আলম মো. শহিদ খান প্রথম আলোকে বলেন, ‘আইনটি পাস হওয়ার সঙ্গে সঙ্গে আমরাই যাবতীয় কাজ শেষ করে ফেলব এবং ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে।’ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, তাঁরা প্রশাসক নিয়োগের প্রস্তুতি নিয়ে রেখেছেন। এ ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক করা হলে সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসক নিয়োগ করা হবে। এ জন্য একটি সারসংক্ষেপ তৈরি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। এরপর প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়েই প্রশাসক নিয়োগ করা হবে। পাশাপাশি জনবল স্থানান্তর করা হবে। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, ঢাকা সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, সম্পদ, অধিকার, ঋণ-দায়, দায়িত্ব, সুবিধা এবং স্থাবর-অস্থাবর সবধরনের সম্পত্তি, ব্যাংকে থাকা ও নগদ অর্থ বিধি প্রণীত না হওয়া পর্যন্ত সরকারি আদেশ দ্বারা ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ক্ষেত্রমতো হস্তান্তর, ন্যস্ত, স্থানান্তর বা বদলির ব্যবস্থা করা যাবে।বর্তমান ঢাকা সিটি করপোরেশনের ৯২টি ওয়ার্ড ভেঙে নতুন দুটি সিটি করপোরেশনের সীমানা ঠিক করা হচ্ছে। প্রস্তাবিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য ৩৬টি এবং দক্ষিণ সিটির জন্য ৫৬টি ওয়ার্ড পড়বে।