কার্যালয় চারটি, কার্যক্রম নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা শহরে জেলা বিএনপির তিনটি কার্যালয়। এগুলোতে সাইনবোর্ডও আছে। তবে অন্য একটি কার্যালয়ে সাইনবোর্ড নেই। কার্যালয় বেশি হওয়ায় কোন্দলও বেশি। সমন্বয় না থাকায় কার্যক্রমেও ভাটা পড়েছে।
দলের একাধিক নেতা-কর্মী জানান, ২০০৯ সালের ২৪ ডিসেম্বর প্রবীণ নেতা ও শিল্পপতি মোজাম্মেল হকের মালিকানাধীন বিস্কুট কারখানায় বসে জেলা বিএনপির ‘পকেট’ কমিটি গঠন করা হয়। এতে মোজাম্মেল হককে সভাপতি ও শামসুজ্জামানকে সাধারণ সম্পাদক করা হয়। পরে তৎকালীন পৌর বিএনপির সভাপতি অহিদুল ইসলাম বিশ্বাস তাঁর অনুগতদের নিয়ে ২৮ ডিসেম্বর পাল্টা কমিটি গঠন করেন। উভয় পক্ষই নিজেদের জেলা বিএনপির বৈধ কমিটি হিসেবে দাবি করে। তবে কোনো পক্ষই এ পর্যন্ত কেন্দ্রের লিখিত অনুমোদন দেখাতে পারেনি।
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে চুয়াডাঙ্গা-১ আসনে শামসুজ্জামান ও অহিদুল দুজনই দলীয় মনোনয়ন-প্রত্যাশী ছিলেন। এ ঘটনায় দুই অংশের বিভেদ আরও বেড়ে যায়। বেশির ভাগ নেতা চলে যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামানের পক্ষে। কয়েকজন শামসুজ্জামানের নেতৃত্বাধীন কমিটির কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলমের পক্ষে থাকেন। অহিদুল পক্ষের লোকজনের দাবি, চার পক্ষের মধ্যে তাঁরাই সবচেয়ে সক্রিয়। অহিদুল প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের কমিটি গঠন করেছেন। তিনি ও শামসুজ্জামান সর্বশেষ অনুষ্ঠিত পৌরসভা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে পাল্টাপাল্টি প্রার্থী দিয়েছিলেন। এতে আলমডাঙ্গা, দর্শনা ও জীবননগরে অহিদুলের পক্ষের তিন নেতা মেয়র নির্বাচিত হন। চুয়াডাঙ্গা পৌরসভায় দুই পক্ষের প্রার্থীই পরাজিত হন। ১৮টি ইউপিতে অহিদুলের পক্ষের এবং তিনটিতে শামসুজ্জামানের পক্ষের লোক চেয়ারম্যান নির্বাচিত হন।
শহরের শহীদ রবিউল ইসলাম সড়কের কার্যালয়ে (কামরুজ্জামান) গত সোমবার শামসুজ্জামানের নেতৃত্বাধীন কমিটির সাংগঠনিক সম্পাদক সরকার আলী হোসেনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, শামসুজ্জামান কমিটি গঠন করলেও আজ পর্যন্ত কোনো সভা ডাকেননি। চারটি উপজেলা, চারটি পৌরসভা, ৩৪টি ইউনিয়নে কোনো সাংগঠনিক তৎপরতা নেই। কোনো কমিটি করেননি। ছাত্রদল, যুবদল, কৃষক দল আজীবন আহ্বায়ক কমিটি দিয়ে চলছে। তিনি এ-ও বলেন, যাঁরা সংসদ সদস্য পদে নির্বাচন করতে চান, তাঁদের বাদ দিয়ে চুয়াডাঙ্গাসহ সারা দেশে জেলা কমিটি গঠন করতে হবে। তাহলে দলে কোনো গ্রুপিং থাকবে না।
কেদারগঞ্জ নতুন বাজার সড়কে অহিদুলের কার্যালয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘চুয়াডাঙ্গা বিএনপির সবকিছু ম্যাডামের (খালেদা জিয়া) নখদর্পণে আছে। তিনি যে সিদ্ধান্ত নেবেন, সেভাবে দল এগিয়ে যাবে।’
আরেক পক্ষের নেতা জাহাঙ্গীর শহরের কোর্ট মোড়ে ব্যক্তিগত প্রতিষ্ঠান এন এন করপোরেশনে দলীয় কার্যক্রম চালান। এ কার্যালয়ের কোনো সাইনবোর্ড নেই। প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
পরে কথা হয় জেলা যুবদলের নেতা মফিজুর রহমান ও জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুজ্জামানের সঙ্গে। মফিজুর বলেন, ‘অহিদুল ও দুদুদের (শামসুজ্জামান) দিয়ে রাজনীতি হবে না। নতুন করে নেতৃত্ব আনতে হবে। নতুন-পুরোনো দিয়ে কমিটি করলেও কাজ হতে পারে।’
শরিফুজ্জামান বলেন, ‘দুদু ভাই তো শেষ করে ফেলেছেন। তিনি নেতা হয়ে ঢাকায় বসে থাকেন। তাঁর একেক খলিফা একাধিক পদ দখল করে রেখেছেন। সেই ছোটবেলা থেকে দেখে আসছি একজনের (শামসুজ্জামানের ছোট ভাই ওয়াহেদুজ্জামান) হাতেই যুবদল বন্দী। মোজাম্মেল চাচার বয়স ৯০ বছরের বেশি। তিনি তো দল চালাতে পারেন না। এখন ভালো নেতৃত্ব না আসলে সরকারবিরোধী আন্দোলন সম্ভব হবে না।’
শহীদ আবুল কাশেম সড়কে শামসুজ্জামানের নেতৃত্বাধীন কমিটির কার্যালয়। তাঁর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ধরেননি। তাঁর ছোট ভাই জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান ১৯৯৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত জেলা যুবদলের সভাপতি ছিলেন। এর পর থেকে একই কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
ওয়াহেদুজ্জামান দুই পক্ষের (অহিদুল ও কামরুজ্জামান) অভিযোগ সত্য নয় বলে দাবি করে বলেন, ‘আমাদের কমিটিই অনুমোদিত। সরকারবিরোধী আন্দোলন আমরাও করেছি। চেয়ারপারসন যখনই নির্দেশ দেবেন, আমরা এক হয়ে আবার আন্দোলনে নেমে পড়ব।’