কার্যালয় দুটি, কর্মকাণ্ডও আলাদা
বগুড়ার শেরপুরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে রূপ নিয়েছে। এতে বিভক্ত হয়ে পড়েছে বিএনপির রাজনীতি। ছয় মাস ধরে এ অবস্থার কারণে দলের মাঠপর্যায়ে কর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। দলীয় সূত্রে জানা যায়, শেরপুরে দ্বিধাবিভক্ত বিএনপির এক অংশের নেতৃত্ব দিচ্ছেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম এবং অপর অংশের নেতৃত্বে আছেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। বিভক্তির কারণে মাস ছয়েক ধরে স্থানীয় বাসস্ট্যান্ড ও ধুনট রোড বাসস্ট্যান্ড এলাকায় পৃথক দুটি দলীয় কার্যালয় গড়ে উঠেছে। ফুলবাড়ী গ্রামের বিএনপির দলীয় কর্মী আল আমীন জানান, নেতৃত্ব নিয়ে মতভেদের কারণে শেরপুরে বিএনপি বিভক্ত হয়ে পড়েছে। ছয় মাস ধরে এ অবস্থা চলে আসছে। এতে তাঁর মতো আরও দলের অনেক কর্মীর মধ্যে হতাশা বেড়েই চলেছে। একই কথা জানান উপজেলার সাঁতারা গ্রামের কর্মী মোহামঞ্চদ আলী। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান বলেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক দলের অধিকাংশ নেতা-কর্মীর মতামতকে উপেক্ষা করে ছয় মাস ধরে সংস্কারপন্থী এক নেতার সঙ্গে হাত মিলিয়ে দলকে বিভক্ত করে ফেলেছেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম অভিযোগ করেন, জানে আলমের কারণে শেরপুরে বিএনপি ‘চেন অব কমান্ড’ হারিয়ে ফেলেছে। তিনি ইউনিয়ন পর্যায়ে তাঁর নিজস্ব লোকদের কমিটিতে অন্তর্ভুক্ত করে দলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছেন। এ কারণে দলে বিভক্তি এখন প্রকাশ্যে রূপ নিয়েছে। সভাপতি আবদুল মান্নান বলেন, দলীয় নেতা-কর্মীদের সংগঠিত করে দলকে এগিয়ে নিতে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন।জানে আলম দাবি করেন, বিগত সময়ে যাঁরা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তাঁর নেতৃত্বে ঈর্ষান্বিত হয়ে তাঁরাই এখন শেরপুরের সুসংগঠিত বিএনপিকে বিভক্ত করতে চান।