কার্যালয় নিয়ে বিভক্ত আ.লীগ
লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলের একটি কার্যালয় সরিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় বিভক্ত হয়ে পড়েছেন। গত মঙ্গলবার কার্যালয়টি সরিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় এক পক্ষের বিক্ষোভের মুখে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল গাফফারকে আদিতমারী থানার পুলিশ আটক করলেও পরে ছেড়ে দেয়। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মহিষখোঁচা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়টি মহিষখোঁচা স্কুল ও কলেজের জমির ওপর অবস্থিত। মঙ্গলবার আওয়ামী লীগের নেতা ও ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুল গাফফার সংগঠনের কার্যালয়টি কাউকে না জানিয়ে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য লোকজন নিয়োগ করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এলাকায় বিক্ষোভ মিছিল করেন। আবদুল গাফফার বলেন, ‘আওয়ামী লীগের কার্যালয়টি বিদ্যালয়ের জমিতে ও হাটসংলগ্ন হওয়ায় দলের নেতা-কর্মীদের মৌখিক পরামর্শে বিকল্প স্থানে স্থাপনের জন্য সেটি সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল।’ মহিষখোঁচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবদুস সামাদ বলেন, ‘কলেজের অধ্যক্ষের সহযোগিতায় কোনো রকম নোটিশ ছাড়াই কার্যালয়টি সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমাদের আপত্তির মুখে তারা কার্যালয়টি সরিয়ে নিতে পারেনি।’উপজেলার নির্বাহী কর্মকর্তা পারভেজ হাসান বলেন, ‘সমস্যাটির শান্তিপূর্ণ সমাধানের জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনার উদ্যোগ নেব।’