অব্যাহত অভিযান, ধরপাকড় এবং মামলার ফাঁদে পড়ে চট্টগ্রামে কোণঠাসা হয়ে পড়েছে বিএনপি। মাঠে দেখা মিলছে না নেতা-কর্মীদের।
মাঝেমধ্যে ঝটিকা মিছিল থেকে হামলা কিংবা কয়েক মিনিটের জন্য ছোট আকারের সভা হলেও দলটির আন্দোলন-সংগ্রাম এখন বিবৃতিনির্ভর হয়ে পড়েছে।
সদ্যসমাপ্ত নির্বাচন প্রতিরোধেও চট্টগ্রামে বিএনপির পক্ষ থেকে তেমন কোনো কার্যকর ভূমিকা চোখে পড়েনি। দু-একটি স্থানে কয়েকটি ককটেল বিস্ফোরণ ছাড়া নগরে মোটামুটি নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের আগে কাজীর দেউড়িতে ওয়ার্কার্স পার্টির প্রার্থী আবু হানিফের গাড়িতে ঝটিকা হামলা এবং সময় টেলিভিশনের গাড়ি ভাঙচুরের ঘটনাটি ছিল উল্লেখযোগ্য। অথচ একতরফা নির্বাচন ঠেকাতে আগে থেকেই কেন্দ্রভিত্তিক সংগ্রাম কমিটি গঠন করেছিল বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।
পুলিশ ও বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাজীর দেউড়িতে হামলার পেছনে জামায়াত-শিবির জড়িত। তবে এ ঘটনার ব্যাপারে মামলায় ছাত্রদলের নেতাদেরও আসামি করা হয়। এ ছাড়া, গত কয়েক মাসে নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। ফলে নির্বাচনের আগে-পরে বড় কোনো সভা-সমাবেশ করতে পারেনি বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।
বিষয়টি স্বীকার করে নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ বলেন, ‘আপাতত আমরা বড় কোনো কর্মসূচি পালন করতে পারছি না। কারণ আমার বিরুদ্ধে ২৫টির বেশি মামলা রয়েছে। ডা. শাহাদাত হোসেনের বিরুদ্ধে আটটি ও আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে তিন-চারটি মামলা রয়েছে। আমার কমিটির সবার বিরুদ্ধেও মামলা ঝুলছে। রাস্তায় নামলেই আমাদের কর্মসূচিতে বাধা দিচ্ছে পুলিশ।’
গাজী সিরাজ দাবি করেন, এই অবস্থায়ও দু-একটি স্থানে বিএনপি ও ছাত্রদল মাঝেমধ্যে ঝটিকা মিছিল করছে। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাসী নই। অথচ সেদিন কাজীর দেউড়িতে সময় টিভির গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের পর আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।’
সরেজমিনে দেখা গেছে, নাসিমন ভবনের দলীয় কার্যালয় নেতা-কর্মীশূন্য। আশপাশের এলাকা পোস্টার, ব্যানার ও ফেস্টুনে একাকার। এসব পোস্টার ও ব্যানারে গ্রেপ্তার নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। অথচ দুমাস আগেও এখানে সপ্তাহে অন্তত দু-তিনটি সভা-সমাবেশ অনুষ্ঠিত হতো। প্রতিদিন দলীয় কিছু নেতা-কর্মী জড়ো হতেন।
দলীয় সূত্র জানায়, নির্বাচনের আগে দলীয় কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারসহ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়। একই দিন বিমানবন্দর থেকে সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিনকে গ্রেপ্তারের পর নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ ছাড়া, নির্বাচনের কয়েক দিন আগেও বেশ কিছু নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। এতে কর্মীদের মধ্যে আরও ভয় ঢুকে যায়।
মাঝেমধ্যে কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান ও নগর সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীকে কয়েক মিনিটের জন্য মাঠে দেখা গেলেও সেভাবে কর্মীদের দেখা যায় না। বক্তব্য জানতে গত শুক্রবার রাতে আমির খসরু মাহমুদ চৌধুরী ও শাহাদাত হোসেনকে ফোনে চেষ্টা করে তাঁদের সংযোগ বন্ধ পাওয়া গেছে।
জানতে চাইলে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘সরকারের অব্যাহত হামলা-মামলায় নেতা-কর্মীরা আতঙ্কিত। তাই মাঠে হয়তো সেভাবে তাদের দেখা যাচ্ছে না। কিন্তু নেতা-কর্মীরা কাজ না করলে নির্বাচনে এত কম ভোট কেন পড়ল?’
নোমান বলেন, ‘আমার বিশ্বাস কর্মীরা মনোবল হারায়নি। আবার হয়তো জনসভা সমাবেশ করব। যদি না দেয় সেটা হবে গণতান্ত্রিক অধিকার হরণের শামিল।’