কার্যালয় ভাঙচুর সংঘর্ষ মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার পশ্চিম ইলিশায় মোটরসাইকেলে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের মহড়া l ছবি: প্রথম আলো
ভোলার পশ্চিম ইলিশায় মোটরসাইকেলে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের মহড়া l ছবি: প্রথম আলো

ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়ন পরিষদে (ইউপি) গত শনিবার ও গতকাল রোববার আওয়ামী লীগের দলীয় ও বিদ্রোহী প্রার্থীর কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। পিরোজপুরের নাজিরপুরে বিএনপির প্রার্থীর কর্মীদের মারধর, বরিশালের গৌরনদীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কার্যালয় ভাঙচুরের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে।
বরগুনার আমতলীর আড়পাঙ্গাশিয়া ইউপিতে প্রতিদ্বন্দ্বী দুই স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে কয়েকজন আহত হন। তাঁরা দুজনই বিএনপির স্থানীয় নেতা। এ ছাড়া বরিশালের গৌরনদীতে পোস্টার লাগানোর সময় বিএনপির প্রার্থীর কর্মীদের মারধর করা হয়। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ভোলা: স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজার এলাকায় শনিবার রাত নয়টার দিকে আওয়ামী লীগের প্রার্থী মো. গিয়াসউদ্দিনের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে দুর্বৃত্তরা। এরপর রাত সাড়ে নয়টায় গিয়াসউদ্দিনের বান্ধেরপাড়েও নির্বাচনী কার্যালয়ও ভাঙচুর হয়। এ ঘটনার পর রাত সাড়ে ১০টায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জহিরুল ইসলামের হাওলাদার বাজারের নির্বাচনী কার্যালয় ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করেন আওয়ামী লীগের প্রার্থীর লোকজন। পরে গতকাল গিয়াসউদ্দিনের নেতৃত্বে ৬০-৭০টি মোটরসাইকেলে করে লগি-বৈঠা নিয়ে দুপুর পর্যন্ত মহড়া দেওয়া হয়। এ সময় জহিরুলের বান্ধেরপাড়, বাগারহাট, বয়াতিরহাট, মালেরহাটসহ ১১টি নির্বাচনী কার্যালয় ও আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেন গিয়াসউদ্দিন ও তাঁর সমর্থকেরা।
গিয়াসউদ্দিন বলেন, জহিরুলের সঙ্গে বিএনপি, জাতীয় পার্টির লোকজন মিলে আওয়ামী লীগের কার্যালয় ও আসবাব ভেঙে দিয়েছেন।
জহিরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সমর্থকেরাই নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার জন্য গিয়াসউদ্দিনের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছেন।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর বলেন, পশ্চিম ইলিশায় আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থী শক্তিশালী। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণ না করলে রক্তের বন্যা বয়ে যেত।
পিরোজপুর: জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের গড়ঘাটা এলাকায় গতকাল আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর পাঁচ কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। বিএনপির প্রার্থী মো. তৌহিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগের কর্মীদের হামলায় তাঁর সমর্থক হাসান শেখ, রবিউল ভূঁইয়া, সজীব শেখ, আসাদ কবিরাজ, বিনয় মালি আহত হন। আওয়ামী লীগের কর্মীদের ভয়ে তাঁরা গোপনে চিকিৎসা নিয়েছেন। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. কাইয়ুমউজ্জামান বলেন, ‘আমি ঘটনার সময় এলাকায় ছিলাম না। মুঠোফোনে শুনে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের বিষয়টি মীমাংসার জন্য বলেছি।’
গৌরনদী (বরিশাল): পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার সকালে নৌকা মার্কার প্রার্থী গোলাম হাফিজ মৃধার সমর্থকেরা ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে নলচিড়া বাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মীর মাসুদ উদ্দিনের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেন। এ ঘটনার জের ধরে ওই দিন সন্ধ্যায় মাসুদ উদ্দিনের সমর্থকেরা ৩০-৩৫টি মোটরসাইকেল নিয়ে পিংলাকাঠি বাজারে নৌকার সমর্থকদের ওপর হামলা চালিয়ে দুজনকে আহত করেন। এ খবর ছড়িয়ে পড়লে নৌকার সমর্থকেরা মীর মাসুদের সমর্থকদের ধাওয়া করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ২০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হন। এ ঘটনায় আরিফ হোসেন নামের এক ব্যক্তি ৫০ জনকে আসামি করে মামলা করেন।
একই দিন রাত নয়টায় সরিকল ইউনিয়ন সাকোকাঠি বাজারে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর হোসেনের সমর্থকেরা পোস্টার লাগাতে গেলে নৌকা মার্কার প্রার্থী ফারুক মোল্লার সমর্থকেরা পোস্টার ছিনিয়ে নিয়ে তাতে আগুন দেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুজন রক্তাক্ত জখম হন। এ ঘটনার জেরে রাত সাড়ে নয়টায় নৌকার ৩০-৪০ জন সমর্থক মহিষা গ্রামের রনো ঋষির বাড়িতে ভাঙচুর করেন এবং রনো ঋষিকে পিটিয়ে আহত করেন। এ ঘটনায় নাসির মোল্লা নামের এক ব্যক্তি ৩৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গৌরনদী মডেল থানার ওসি মো. আলাউদ্দিন মিলন বলেন, দুই ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।
বরগুনা: শনিবার রাতে জেলার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাঁদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও সাবেক চেয়ারম্যান নুরুল হক দুজনই বিএনপির নেতা। তবে তাঁরা উভয়েই দলীয় মনোনয়ন না নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ শনিবার সন্ধ্যায় স্থানীয় সোমবাড়িয়া বাজারে উঠান বৈঠক শেষ করে সমর্থকদের নিয়ে আড়পাঙ্গাশিয়া বাজারে আসছিলেন। তাঁরা ঘোপখালী বাজারে এলে এ কে এম নুরুল হকের সমর্থকদের মুখোমুখি হন। এ সময় উভয় পক্ষের সমর্থকেরা স্লোগান ও পাল্টা স্লোগান দেওয়ার একপর্যায়ে তাঁদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘণ্টা দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হন।
আমতলী থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।