কার্যালয় স্থানান্তরের চেষ্টা!
পরিবার পরিকল্পনা বিভাগের বগুড়ায় অবস্থিত আঞ্চলিক ক্লিনিক্যাল সুপারভিশন কার্যালয়টি স্থানান্তরের জন্য এখানকার আসবাবপত্র গত শনিবার বিকেলে সরিয়ে নেওয়ার চেষ্টা স্থানীয় জনগণের বাধার মুখে নস্যাত হয়ে গেছে। কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন রাজশাহীতে কার্যালয়টি স্থানান্তরের চেষ্টা করেছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় পরিবার পরিকল্পনা ক্লিনিক্যাল সুপারভিশন টিমের (এফপিসিএসটি) রাজশাহী আঞ্চলিক কার্যালয়টি ১৯৮২ সালে বগুড়া শহরের খাদ্দার এলাকায় স্থাপিত হয়। বগুড়াসহ এর পার্শ্ববর্তী আটটি জেলার জনগণের স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ প্রসব, কর্মী প্রশিক্ষণ ও জনসংখ্যা নিয়ন্ত্রণের কার্যক্রম এখান থেকে পরিচালিত হয়। এখানে তত্ত্বাবধানের অতিরিক্ত দায়িত্বে আছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (সিসি) আমীর হোসেন। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুভাশীষ পোদ্দার বলেন, এলাকাবাসীর স্বার্থে কার্যালয়ের মালামাল সরাতে বাধা দেওয়া হয়েছে। বাধার মুখে আমীর হোসেন কার্যালয়ে তালা দিয়ে চলে যান।আমীর হোসেন জানান, সরকারিভাবে কার্যালয়টি রাজশাহীতে স্থানান্তরের আদেশ হয়েছে। একাধিক দায়িত্ব থাকার কারণে প্রতিদিন তাঁর এখানে (বগুড়ায়) আসা সম্ভব হয়নি। পরিবার পরিকল্পনা বিভাগ বগুড়ার উপপরিচালক বিশ্বনাথ বাগচী বলেন, কার্যালয়টি বগুড়া থেকে স্থানান্তরের বিষয়ে তিনি কিছুই জানেন না।