কার্যালয় স্থাপন নিয়ে দুই পক্ষ মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের শিয়ালাহাওর জলকপাটের (স্লুইস গেট) পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কার্যালয় স্থাপন নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। এ নিয়ে এলাকায় গত মঙ্গলবার থেকে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দুটি পক্ষই আলাদাভাবে সভা করে নিজেদের গ্রামে কার্যালয় স্থাপনের দাবি জানিয়েছে।উভয় পক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, হাওর এলাকায় বোরো চাষসহ সুষ্ঠুভাবে পানি ব্যবস্থাপনার জন্য সরকারিভাবে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতায় জলকপাটটি নির্মাণ করা হচ্ছে। এতে স্থানীয় লোকদের সম্পৃক্ত করে সমিতি গঠনের মাধ্যমে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজও শুরু হয়েছে। সম্প্রতি নির্বাচনের মাধ্যমে শিয়ালাহাওর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির একটি কমিটি গঠিত হয়। তবে নির্বাচিত কমিটির সভাপতিসহ ১২ জন সদস্যের নয়জনই শিয়ালাহাওর গ্রামের বাসিন্দা। এ কারণেই সমিতির কার্যালয়টি তাঁদের গ্রামে স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে একপক্ষের অভিযোগ। অপরদিকে সমিতির ৭২৮ জন সদস্যের মধ্যে প্রায় ৫০০ জনেরই বাড়ি চলিতাবাড়ি গ্রামে। তাঁদের দাবি, সমিতি গঠনের আগে কেউ জায়গা দিতে চাননি। তখন সবাই মিলে চলিতাবাড়ি গ্রামের মাঝপাড়ার হেকিম আলীর ১০ শতক জায়গায় সমিতির কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেন। এখন সমিতি গঠন হওয়ার পর সরকারিভাবে পাকা কার্যালয় ও বিভিন্ন সুযোগ-সুবিধার কথা শুনে শিয়ালাহাওরের লোকজন নিজেদের এলাকায় সমিতির কার্যালয় স্থাপনের জন্য উঠেপড়ে লেগেছেন।এদিকে সমিতির চলিতাবাড়ি গ্রামের ৪৬১ জন সদস্য সমিতির কার্যালয় চলিতাবাড়িতে স্থাপন ও কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা প্রকৌশলী ও উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে বলা হয়, ব্যবস্থপনা কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যরা বিধি ভেঙে অবৈধ কার্যক্রম চালিয়ে আসছেন। সমিতির স্থায়ী কার্যালয় স্থানান্তরের সিদ্ধান্ত, কার্যক্রমে সদস্যদের অংশগ্রহণে বাধা, মূলধনের হিসাবে অনীহা ও ভয়ভীতি প্রদর্শনসহ মামলা-হামলার হুমকি দেওয়া হচ্ছে। এ ব্যাপারে সমিতির একাধিক সদস্য জানান, গত বছরের ২৩ জুলাই নির্বাচনের মাধ্যমে ১২ সদস্যবিশিষ্ট সমিতি পরিচালনা কমিটি গঠন করা হয়। কিন্তু কমিটি গঠনের পর থেকে নির্বাচিত ব্যক্তিরা স্বেচ্ছাচারিতা শুরু করেন। শিয়ালাহাওর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য রইস আলী বলেন, ‘চলিতাবাড়িতে সমিতির কার্যালয় করা হবে নির্বাচনের আগে এ রকম একটি সিদ্ধান্ত হয়েছিল ঠিকই। কিন্তু ওই জায়গাটি সুবিধাজনক না হওয়ায় শিয়ালাহাওরে কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি।’